জ্যেষ্ঠ প্রতিবেদক
০৯ মার্চ ২০২৬, ১১:৩৬ এএম
রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন করে নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। এ পদে আবেদনের শেষ সময় আগামী ২৫ মার্চ বিকেল ৫টা। রোববার (৮ মার্চ) অর্থ মন্ত্রণালয়-এর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমডি পদে আবেদনকারীদের ব্যাংকিং খাতে অন্তত ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কোনো ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অথবা সিইও’র ঠিক নিচের পদে কমপক্ষে দুই বছর দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি ইসলামী ব্যাংকিং কার্যক্রম, শরিয়াহ গভর্ন্যান্স, ইসলামী হিসাবব্যবস্থা, মুনাফা বণ্টন পদ্ধতি এবং ইসলামী ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে দক্ষতা থাকতে হবে।
এছাড়া ডিজিটাল ব্যাংকিং, সাংগঠনিক রূপান্তর কিংবা ব্যাংক একীভূতকরণ (মার্জার)–সংক্রান্ত অভিজ্ঞতাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। আবেদনকারীদের বয়স বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী ন্যূনতম ৪৫ এবং সর্বোচ্চ ৬০ বছরের মধ্যে হতে হবে। কোনো প্রার্থী ঋণ খেলাপি হলে তিনি আবেদন করতে পারবেন না।
নিয়োগপ্রাপ্ত এমডি ব্যাংকের করপোরেট, এসএমই, রিটেইল, ট্রেজারি, কৃষি, আন্তর্জাতিক বাণিজ্য ও ডিজিটাল ব্যাংকিংসহ সব ধরনের কার্যক্রম তদারকি করবেন। একই সঙ্গে শরিয়াহভিত্তিক ব্যাংকিং পণ্য উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করা এবং একীভূতকরণের পর সাংগঠনিক সমন্বয়ের কাজ পরিচালনার দায়িত্বও পালন করবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনপত্র প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। পরে তাদের সাক্ষাৎকার নেওয়া হবে। চূড়ান্ত নিয়োগের আগে নির্বাচিত প্রার্থীর পটভূমি যাচাই করা হবে এবং বাংলাদেশ ব্যাংক-এর ‘ফিট অ্যান্ড প্রপার’ অনুমোদন নিতে হবে।
যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। নির্বাচিত ব্যক্তিকে প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। সন্তোষজনক কর্মদক্ষতার ভিত্তিতে এ মেয়াদ নবায়নের সুযোগ থাকতে পারে।
আরও পড়ুন: আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ
আবেদনকারীদের সিভি, কভার লেটার, শিক্ষাগত ও পেশাগত সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং একটি পাসপোর্ট সাইজ ছবি সংযুক্ত করে আবেদন করতে হবে। আবেদনপত্র সিল করা খামে সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর পাঠাতে হবে। পাশাপাশি আবেদনপত্রের একটি পিডিএফ কপি ইমেইলেও পাঠাতে হবে।
জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমানকে সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ওই দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেন। ফলে নতুন করে এমডি নিয়োগের জন্য আবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
উল্লেখ্য, পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংক একীভূত করে নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়েছে। একীভূত হওয়া ব্যাংকগুলো হলো- এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।
টিএই/এমআই