images

অর্থনীতি

২০২৬–২৭ অর্থবছর: রাজস্ব খাতে অংশগ্রহণমূলক বাজেট প্রস্তাব চাইল এনবিআর

নিজস্ব প্রতিবেদক

০৩ মার্চ ২০২৬, ০২:০৯ পিএম

আসন্ন ২০২৬–২০২৭ অর্থবছরের বাজেট প্রণয়নকে আরও অংশগ্রহণমূলক, গণমুখী ও ন্যায়সঙ্গত করতে সংশ্লিষ্ট সবার মতামত আহ্বান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

সংস্থাটি জানিয়েছে, রাজস্ব আহরণ ও নীতিমালা প্রণয়নে দীর্ঘদিন ধরেই করদাতা, শিল্পমালিক, ব্যবসায়ী ও পেশাজীবীদের সঙ্গে আলোচনা করে বাজেট প্রস্তুত করা হচ্ছে। এবারও সেই ধারাবাহিকতায় বিভিন্ন মহলের কাছ থেকে লিখিত প্রস্তাব চাওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো ভিডিওটিতে এনবিআর এই প্রস্তাব আহ্বান করে। 

এনবিআর সূত্রে জানা গেছে, একটি প্রতিনিধিত্বশীল ও বিশ্লেষণধর্মী বাজেট প্রণয়নের লক্ষ্যে সকল পর্যায়ের সম্মানিত করদাতা, শিল্প ও বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান এবং বুদ্ধিজীবীদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। আলোচনার মাধ্যমে রাজস্ব আহরণ পদ্ধতিকে আরও কার্যকর ও বাস্তবমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাজেট প্রস্তুতে সহায়তার জন্য বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনকে তাদের নিজ নিজ প্রস্তাব আগামী ১৫ মার্চ ২০২৬-এর মধ্যে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর কাছে লিখিতভাবে পাঠাতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি একই প্রস্তাবের একটি সফটকপি ‘নিকোষব্যান’ ফন্টে nbrbudget2026@gmail.com ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।

যেসব প্রতিষ্ঠান বা সংস্থা কোনো চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য নয়, তারাও সরাসরি উল্লিখিত ই-মেইলে তাদের বাজেট প্রস্তাব পাঠাতে পারবে বলে জানিয়েছে এনবিআর।

জাতীয় রাজস্ব বোর্ড আশা করছে, সংশ্লিষ্ট সবার সক্রিয় অংশগ্রহণে ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য শিল্প, ব্যবসা ও করদাতাবান্ধব এবং একই সঙ্গে রাজস্ব সম্ভাবনাময় একটি বাস্তবসম্মত বাজেট প্রণয়ন করা সম্ভব হবে।

এমআর/এমআই