জেলা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পিএম
জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ক্ষমতায় থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
তিনি বলেছেন, ‘দেশে সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধ করতে হলে আওয়ামী লীগের অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জুলাই সনদ ও জনগণের রায় বাস্তবায়নের মাধ্যমে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে।’
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে খুলনার ডাকবাংলা চত্বরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।
আখতার হোসেন বলেন, ‘আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর ধরে দেশের বিভিন্ন পর্যায়ে নির্যাতন, নিপীড়ন, খুন, গুম ও দখলদারত্ব চালিয়েছে। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও এসব নিপীড়নের শিকার হয়েছেন। এসব ঘটনার বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গণশুনানি শুধু জেলা পর্যায়ে নয়, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও আয়োজন করতে হবে। নির্যাতিত মানুষের বক্তব্য শোনার সুযোগ তৈরি করতে হবে।’
তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা এবং হাজার হাজার মানুষকে পঙ্গু করার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। আয়নাঘরে মানুষকে বন্দি রাখা ও ভোটাধিকার কেড়ে নেওয়ার মতো অপরাধেরও বিচার নিশ্চিত করতে হবে। বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো জায়গা হবে না। জুলাই গণঅভ্যুত্থানের গণরায় সরকারকে বাস্তবায়ন করতে হবে।’
খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে এনসিপির এই নেতা বলেন, দিনের বেলাতেও মানুষ নিরাপদে চলাচল করতে ভয় পাচ্ছে। ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদা না দিলে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া, তুলে নেওয়া, গুম ও খুনের ঘটনা ঘটছে। খুলনার মানুষ এসবের প্রতিকার চায়। দেশে আর কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড কিংবা পুলিশ ও প্রশাসনের ওপর হামলার ঘটনা দেখতে চান না তারা।
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ প্রতিবেশী ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে সেই সম্পর্ক হতে হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে, প্রভু-ভৃত্যের সম্পর্ক নয়। ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে নাশকতার সুযোগ দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। দেশের এক ইঞ্চি জমিও অন্য কাউকে দখল করতে দেওয়া হবে না।’
আখতার হোসেন বলেন, ‘ফ্যাসিবাদ, দখলদারত্ব ও দলীয়করণমুক্ত বাংলাদেশ গড়তে চায় এনসিপি। এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, যেখানে ন্যায়বিচার ও ইনসাফ থাকবে এবং সব ধর্ম ও বর্ণের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করতে পারবেন।’
এনসিপির খুলনা মহানগর আহ্বায়ক আহম্মদ হামীম রাহাতের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন ডা. আব্দুল্লাহ চৌধুরী। বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসুম ও আরিফ আবিদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহরীন ইরা এবং কেন্দ্রীয় যুব ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ওহিদুজ্জামান।
প্রতিনিধি/এএম