শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

বাংলাদেশ দখলের বক্তব্য, অর্জুন সিংকে সরাতে বলল ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশ দখলের বক্তব্য, অর্জুন সিংকে সরাতে বলল ইসলামী আন্দোলন
অর্জুন সিং ও মাওলানা গাজী আতাউর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ দখলের বক্তব্য দেওয়ায় পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিংকে পদ থেকে সরাতে ভারতীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি বলেছেন, মতিভ্রষ্ট ও উন্মাদ প্রকৃতির ব্যক্তিদের বিষয়ে ভারতীয়দের সতর্ক থাকা প্রয়োজন। এ ধরনের ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকলে শুধু তাঁদের নিজেদের নয়, ভারতেরও সর্বনাশ হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) এক বিবৃতিতে পশ্চিমবঙ্গের নাগরিকসহ ভারতের জনগণের প্রতি এ আহ্বান জানান তিনি।

বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী বাংলাদেশ দখলের দিবাস্বপ্ন দেখছেন। আধুনিক জাতিরাষ্ট্রভিত্তিক বিশ্বব্যবস্থায় এক দেশের মন্ত্রী হয়ে অন্য দেশ দখলের কথা বলা মানসিক ভারসাম্যহীনতা ছাড়া আর কিছু নয়। যে ব্যক্তি প্রতিবেশী দেশের ইতিহাস, ঐতিহ্য ও সক্ষমতা সম্পর্কে ধারণা রাখেন না এবং নিজের দায়িত্বের সীমাও বোঝেন না, তাঁর পশ্চিমবঙ্গের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা নিয়ে ভারতীয়দের উদ্বিগ্ন হওয়া উচিত।

তিনি আরও বলেন, অর্জুন সিংয়ের বক্তব্য পাগলের প্রলাপ ছাড়া কিছু নয়। মিথ্যা ও অবাস্তব তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া এমন কল্পনাপ্রসূত বক্তব্যকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। এর জবাবে বাংলাদেশের স্বাধীনতা ও সংগ্রামের ইতিহাস-ঐতিহ্য স্মরণ করিয়ে দেওয়াও অপ্রয়োজনীয় বলে মনে করেন তিনি।

তবে অর্জুন সিং মন্ত্রী হওয়ায় তাঁকে সতর্ক করে গাজী আতাউর রহমান বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি কেউ আঙুল তুললে কিংবা চোখ তুলে তাকালে তার সমুচিত জবাব দেওয়া হবে।

অখণ্ড ভারতপন্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘নিজের পায়ে নিজেরা কুড়াল মারবেন না।’ একই সঙ্গে পশ্চিমবঙ্গের জনগণকে এ ধরনের উন্মাদ প্রকৃতির ব্যক্তি এবং তাঁদের পৃষ্ঠপোষকদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

এম/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর