শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

‘বাংলাদেশে ভারতের অযাচিত হস্তক্ষেপ হলে এক থাকবে না সেভেন সিস্টার্স’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পিএম

শেয়ার করুন:

‘বাংলাদেশে ভারতের অযাচিত হস্তক্ষেপ হলে এক থাকবে না সেভেন সিস্টার্স’

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত অযাচিত হস্তক্ষেপ করলে উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য বা ‘সেভেন সিস্টার্স’ এক থাকবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

শুক্রবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আবু হানিফ বলেন, ভারতের পশ্চিমবঙ্গের কয়েকজন নেতা বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। এ ছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও প্রায়ই বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। আরও কয়েকজন নেতা একই ধরনের বক্তব্য দিচ্ছেন।

তিনি বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতন ভারত কোনোভাবেই মেনে নিতে পারছে না। সেই ক্ষোভ থেকেই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এসব বক্তব্য রাজনৈতিক ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ।

আবু হানিফ বলেন, ‘বাংলাদেশ এখন আর ভারতের মদদপুষ্ট আওয়ামী লীগের শাসনাধীন নয়। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পাশাপাশি বাংলাদেশের মানুষ ভারতের আধিপত্য ও রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।’

তিনি আরও বলেন, ১৯৭১ সালে লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে হুমকি দেওয়ার অধিকার কারও নেই।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে হওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কিংবা আগ্রাসনের হুমকি এ দেশের জনগণ কখনো মেনে নেবে না।

সেভেন সিস্টার্স প্রসঙ্গে আবু হানিফ বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের ভূরাজনৈতিক গুরুত্ব ভারতীয় রাজনীতিবিদদের অজানা নয়। এসব রাজ্যে বিভিন্ন সময়ে স্বাধীনতার দাবিতে আন্দোলন হয়েছে। বাংলাদেশে ভারত অযাচিত হস্তক্ষেপ করলে সেভেন সিস্টার্স এক থাকবে না।

পোস্টের শেষাংশে তিনি বলেন, বাংলাদেশ কোনো দেশের ভূখণ্ডে হস্তক্ষেপ করতে চায় না। তবে নিজের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় দেবে না। বাংলাদেশকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করার দিন শেষ, বিষয়টি ভারতের রাজনৈতিক নেতাদের বুঝতে হবে।

এমআর/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর