Dhaka Mail Logo

সারাদেশ

কুমিল্লায়​ পলাতক থাকা ১৮ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত সোহেল অবশেষে গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৪ নভেম্বর ২০২৬, ০৫:১১ পিএম

অভিযান চালিয়ে সোহেল (২৮) নামের এক কুখ্যাত ডাকাত ও একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে ​কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

সোমবার ( ২৩ নভেম্বর) গভীর রাতে কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া সোহেল ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা (নাল্লা আড়াই বাড়ী) এলাকার আবুল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার সোহেলের বিরুদ্ধে মোট পাঁচটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে দুটি জিআর (রাষ্ট্র বনাম আসামি) সাজা পরোয়ানা কার্যকর হওয়ার অপেক্ষায় ছিল।

এ ছাড়াও অন্য একটি ডাকাতি মামলায় তাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।

​অপর একটি মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এই অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

ব্রাহ্মণপাড়া থানা সূত্র জানায়, ​অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. রফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। গোপন সংবাদের ভিত্তিতে ক্যান্টনমেন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ‘গ্রেফতারকৃত সোহেল দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানা ও দুটি সাজা পরোয়ানা রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।’

প্রতিনিধি/এএম