কুমিল্লার চৌদ্দগ্রামে খালাতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার কালিকসার রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর এলাকার শফিক মিয়ার ছেলে অটোরিকশাচালক আব্দুল মতিন (৩৫) এবং উপজেলার হিংগুলা এলাকার আমিনুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম আরিফ (৪০)।
আহতরা হলেন চিওড়া ইউনিয়নের নোয়াপুর এলাকার আব্দুল মতিনের ছেলে মো. হানিফ ও মো. ইয়াকুব এবং জগন্নাথদীঘি ইউনিয়নের হানিফ মিয়ার স্ত্রী সুফিয়া বেগম। আহত ইয়াকুবের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিকেলে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরঞ্জন কুমার।
নিহত আরিফের স্বজন ইলিয়াস জানান, চিওড়া ইউনিয়নের নোয়াপুর গ্রামের মামুনের বিয়ে ছিল উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর এলাকায়। মাইক্রোবাসে জায়গা না হওয়ায় তারা কয়েকজন মহাসড়কের আমজাদের বাজার রাস্তার মাথা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন।
অটোরিকশাটি কালিকসার রাস্তার মাথায় পৌঁছালে সামনে একটি লরি দাঁড়িয়ে থাকায় চালক গতি কমিয়ে এগোচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে লরির নিচে চলে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশাচালক আব্দুল মতিন ও যাত্রী আরিফকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাঈদ আল মনসুর (ইনাম) জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। গুরুতর আহত ইয়াকুবকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানার ওসি নিরঞ্জন কুমার বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় সিএনজিচালিত অটোরিকশা ও আহতদের উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস




