জেলা প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৬, ০৬:০০ এএম
চুয়াডাঙ্গায় বাংলাদেশ বেতারের সাংবাদিক হুসাইন মালিক ও বড় ভাই চুড়াদাঙ্গা সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান মালিককে বহনকারী প্রাইভেটকারে অতর্কিত হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় গাড়িতে থাকা কেউ আহত হননি। ভুক্তভোগীদের ধারণা, সাংবাদিক হুসাইনের উদ্দেশ্য করেই হামলাটি হয়ে থাকতে পারে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের দৌলতদিয়াড় এলাকার বঙ্গজ বিস্কুট ফ্যাক্টরির অদূরে এই হামলার ঘটনা ঘটে। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরিতে (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
হুসাইন মালিক বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা সাধারণ সম্পাদক এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি বাংলাদেশ বেতারের ছাড়াও দীপ্ত টেলিভিশন এবং জাতীয় অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজ টোয়েন্টিফোরের চুয়াডাঙ্গা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাংবাদিক হুসাইন মালিকের বড় ভাই চুড়াদাঙ্গা সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান মালিক। বড় ভাইয়ের ভাষ্য, ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে তারা প্রাইভেটকারে আলমডাঙ্গা উপজেলার রামদিয়া গ্রামে গিয়েছিলেন।
ওই অনুষ্ঠান শেষে চুয়াডাঙ্গার আকন্দবাড়ীয়ায় আত্মীয়দের নামিয়ে দুই ভাই ফেরার পথে দৌলতদিয়াড় এলাকায় বঙ্গজ লিমিটেডের কিছুটা আগে পৌঁছালে অজ্ঞাত ব্যক্তিরা গাড়ি লক্ষ্য করে কোনো লোহার বস্তু বা বড় হাতুড়ি দিয়ে আকস্মিক আঘাত করে।
তিনি বলেন, ঘটনার সময় গাড়ির গতি ঘণ্টায় প্রায় ৩০ কিলোমিটার ছিল। সড়কটিতে তার নিয়মিত চলাচল না থাকায় হামলার লক্ষ্য তিনি ছিলেন বলে মনে করেন না।
যুবদল নেতা হাসানের ধারণা, সাংবাদিক হুসাইনের উদ্দেশ্য করেই হামলাটি হয়ে থাকতে পারে।
তিনি বলেন, ‘গাড়ির জানালা বন্ধ থাকায় আঘাতের বিকট শব্দ শুনে প্রথমে গুলির ঘটনা বলে মনে করেছিলেন তারা। পরে ধারণা করেন, লোহার কোনো বস্তু কিংবা বড় হাতুড়ি দিয়ে গাড়িতে আঘাত করা হয়েছে।’
হাসান মালিক বলেন, হামলার পর গাড়ি না থামিয়ে সরাসরি সদর থানায় চলে যান তারা। ঘটনাস্থল ও আশপাশে সিসিটিভি ক্যামেরা থাকলে সেগুলোর ফুটেজ পর্যালোচনায় হামলার পুরো ঘটনা শনাক্ত করা সম্ভব হতে পারে বলে মনে করেন তিনি।
এ নিয়ে থানার জিডি হওয়ার বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (ওসি) মনিরুজ্জামান।
তিনি বলেন, ‘সাংবাদিকের গাড়িতে হামলার বিষয়টি জানতে পেরেছি। হুসাইন মালিক থানায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।’
এএম