Dhaka Mail Logo

সারাদেশ

পলাশবাড়ীতে সাংবাদিকদের ওপর হামলা ও ছিনতাই, ১৩ জনের বিরুদ্ধে এজাহার

জেলা প্রতিনিধি

১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম

গাইবান্ধার পলাশবাড়ীতে মোবাইল কোর্টের সংবাদ সংগ্রহ করে ফেরার পথে সাংবাদিকদের ওপর হামলা, মারধর, নগদ টাকা ও সংবাদ সংগ্রহের সরঞ্জাম ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) পলাশবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক মো. আনোয়ার হোসেন। এর আগে, গত শনিবার বিকেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

অভিযোগকারী শামীম (৩২) ইনডিপেনডেন্ট টেলিভিশন, দৈনিক আজকের পত্রিকা, জাগো নিউজ ২৪ ডটকম ও টাইমস অব বাংলাদেশের গাইবান্ধা জেলা প্রতিনিধি।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে পলাশবাড়ী উপজেলা প্রশাসনের পরিচালিত একটি মোবাইল কোর্টের অভিযান ও বক্তব্য ধারণ শেষে সাংবাদিকেরা সিএনজিযোগে গাইবান্ধা শহরে ফিরছিলেন। বিকেল আনুমানিক ৪টার দিকে পলাশবাড়ী থানার আমবাগান এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি তাদের পথরোধ করেন। এ সময় তাদের হাতে লাঠি, লোহার রড, পাইপ ও শাবল ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা সাংবাদিকদের পরিচয় জানার পরও তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন ও সংবাদ সংগ্রহের সরঞ্জাম কেড়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তাদের একটি পরিত্যক্ত দোকানঘরে নিয়ে আটকে রেখে মারধর করা হয়। এতে কয়েকজন সাংবাদিক শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। তাদের হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী আরও উল্লেখ করেন, হামলাকারীরা তাদের কাছে থাকা নগদ তিন হাজার টাকা, মোবাইল ফোন এবং সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ছিনিয়ে নেন। পরে ভয়ভীতি ও হুমকি দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। আহত সাংবাদিকেরা গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

অভিযোগে ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন পাপুল সরকার, সিরাজুল ইসলাম রতন, সোহেল রশিদ হৃদয়, বারেজিদ মণ্ডল, স্বরণ মিয়া, সৃজন মিয়া, নিমন মিয়া, শরিফুল ইসলাম, মাজেদুল ইসলাম, বাহিদ মিয়া, শফিকুল ইসলাম, আকাশ কবির ও রানা আহমেদ। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগকারী আনোয়ার হোসেন শামীম বলেন, পেশাগত দায়িত্ব পালন শেষে সংবাদ সংগ্রহ করে ফেরার পথে আমাদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক। এ ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে বক্তব্য জানতে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। একইসঙ্গে অভিযুক্তদেরও পাওয়া যায়নি।

প্রতিনিধি/এসআই