কুড়িগ্রামের নাগেশ্বরীতে নাসিমা বেগম (৪৫) নাম এক গৃহবধূ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। তিন মাস পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ নাসিমা বেগম উপজেলার রামখানা ইউনিয়নের ভারতীয় সীমান্ত ঘেঁষা পূর্ব রামখানা গ্রামের নজরুল ইসলাম নজুর স্ত্রী। গত ১৮ আগস্ট তিনি বাড়ি থেকে বের হয়ে নাগেশ্বরী উপজেলায় ডাক্তার দেখাতে যান। এরপর থেকেই তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না।
এ ঘটনায় স্ত্রীকে হারিয়ে দিশেহারা স্বামী, অন্যদিকে মায়ের উদ্ধারের অপেক্ষায় প্রহর গুণছেন সন্তানরা।
এদিকে এ ঘটনায় নিখোঁজ নাসিমা বেগমকে উদ্ধারে ছেলে নাসিম মিয়া সন্দেহভাজন ১০ জনের নাম উল্লেখ করে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করেন গত ২০ সেপ্টেম্বর। পুলিশ ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করেছে। ১নং এজাহারভুক্ত আসামি মিজানুরকে রিমাণ্ডে নিয়েও কোনো তথ্য উদ্ধার করতে পারেননি বলে জানিয়েছেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক প্রধান।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ নাসিমা বেগমের স্বামী নজরুল ইসলাম নজু ১৯৯৩ সাল থেকে কাজের সন্ধানে ভারতের দিল্লিতে বিভিন্ন সময় যাতায়াত করেন। সেখানে ভাঙ্গরীর ব্যবসা করতেন বলে তিনি জানান।
১৯৯৭ সালে পরিচয়ের সূত্র ধরে নাসিমা বেগমের সঙ্গে নজুর বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। নাসিমা বেগমের বাপের বাড়ি দিল্লিতে হলেও তিনি দীর্ঘদিন ধরে এ দেশের নাগরিক হিসেবে বাংলাদেশেই বসবাস করছিলেন।
সম্প্রতি ভারতে বাঙালি বিতাড়ন ও নানামুখী জটিলতার কারণে চলতি বছরের মে মাসের শুরুতে দিল্লির যাবতীয় সম্পদ বিক্রি করে সপরিবারে স্থায়ীভাবে বসবাসের জন্য বাংলাদেশে চলে আসেন তারা।
সরেজমিন নজরুল ইসলাম নজুর বাড়িতে খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরের ১৮ আগস্ট নাগেশ্বরীতে চিকিৎসক দেখানোর উদ্দেশ্যে বাড়ি থেকে অটোযোগে বের হন নাসিমা বেগম। একই অটোতে তার মেয়ে, ছেলের বউ ও নাতি পাসপোর্ট করার উদ্দেশ্যে কুড়িগ্রাম যাচ্ছিলেন। পথিমধ্যে আজমাতা ব্রিজপাড় নামক এলাকায় বাথরুমের চাপ দিলে নাসিমা বেগম বাকিদের চলে যেতে বলেন এবং রাস্তার পাশে তার ননদ মায়ামনির বাড়িতে যান। সেখানে খাওয়া-দাওয়া শেষে তাকে পুণরায় অটোতে তুলে দেওয়া হয়। সর্বশেষ আন্ধারীরঝাড় বাজারমোড়ে সিসিটিভি ফুটেজে তাকে অটো থেকে নামতে দেখা যায়। এরপর থেকেই তিনি সম্পূর্ণ নিখোঁজ।
এ ব্যাপারে নজরুল ইসলাম নজু ও তার প্রতিবেশী আব্দুল মান্নান জানান, নাসিমা বেগমের নিখোঁজের ৮-১০ ঘণ্টা পর নাগেশ্বরীর রায়গঞ্জ বাজার এলাকার মিজানুর নামে এক ব্যক্তি আব্দুল মান্নানের সঙ্গে যোগাযোগ করে জানান, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এক ব্যক্তি নাসিমা বেগমকে হস্তান্তর করতে রাজি আছেন। তবে পরবর্তীতে তিনি অবস্থান পরিবর্তন করে জানান, ওটা ভুল তথ্য ছিল।
অপরদিকে পার্শ্ববর্তী ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের চর ধাউরারকুটি গ্রামের আজিজল হকের ছেলে ইউনুছ আলী নামে এক ব্যক্তি জানান, নিখোঁজের দুদিন পর নাসিমা বেগমকে পার্শ্ববর্তী একটি বাড়িতে তিনি অচেতন অবস্থায় দেখেছিলেন। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন নিখোঁজ নারীর এই তথ্য পেয়ে দুধকুমার নদী পেরিয়ে চর ধাউরারবুটি গ্রামে ওই বাড়িতে গেলে সেখানে কাউকেই পাওয়া যায়নি। লোকজনের আসার খবর পেয়ে ওই বাড়ির লোকজন আত্মগোপনে চলে যান। ফলে সন্দেহ দানা বাঁধলেও নিখোঁজ নাসিমা বেগমের আর কোনো সন্ধান মেলেনি। অনেকে নাসিমা বেগম দিল্লিতে ফেরত গেছেন বলে মনে করলেও সেখানে খোঁজ নিয়েও তার হদিস মিলছে না।
নাসিমা বেগমের ছেলে নাসিম মিয়া জানান, গত ১৮ আগস্ট আমার মা যখন নিখোঁজ হন, তখন তিনি দিল্লিতে অবস্থান করছিলেন। বিষয়টি জানার পর আমি আমার মামা ও খালাকে মায়ের হারিয়ে যাওয়ার বিষয়টি অবগত করি। এরপর মায়ের দিল্লিতে ফেরার অপেক্ষায় ১২দিন পর্যন্ত দিল্লিতে থেকে বিভিন্ন আত্মীয় স্বজনদের কাছে খোঁজখবর নেই। কিন্তু ভারতে তার আসার কোনো তথ্য না পেয়ে গত ৩০ আগস্ট বাংলাদেশে ফেরত আসি। এখানেও বিভিন্নভাবে না পেয়ে গত ২০ সেপ্টেম্বর মিজানুরসহ ১০ জনের নাম উল্লেখ করে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করি।
নাসিম মিয়ার অভিযোগ, তার মায়ের বাপের বাড়ি দিল্লিতে হওয়ায় পুলিশ বিষয়টিকে আশানুরূপ গুরুত্ব দিচ্ছে না।
স্থানীয় ৫নং ওয়ার্ড মেম্বার মাহাবুবার রহমান সরকার জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও দফাদারসহ সবাই মিলে নিখোঁজ নারীকে খুঁজেও কোনো খবর পাওয়া যায়নি। জনাকীর্ণ এলাকা থেকে একজন মানুষের এভাবে হাওয়া হয়ে যাওয়া এবং পুলিশ প্রশাসন তাকে খুঁজে না পাওয়া অত্যন্ত আশ্চর্যজনক।
এ ব্যাপারে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক প্রধানের সঙ্গে কথা হলে তিনি জানান, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এটা অপহরণ নাকি নিখোঁজ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বাদি অপহরণ মামলা করেছে। মামলা তদন্তাধীন রয়েছে। এখনো রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি। ভিকটিমকে উদ্ধারে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে।
প্রতিনিধি/এএইচ



