জেলা প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম
২০০৫ সালের ১৪ নভেম্বর। সকাল প্রায় ৯টা। ঝালকাঠি শহরের পূর্বচাঁদকাঠি এলাকায় বিচারকদের বহনকারী সরকারি মাইক্রোবাসে বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। ভয়াবহ ওই হামলায় নিহত হন ঝালকাঠির জ্যেষ্ঠ সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ে। দেশের বিচার বিভাগকে নাড়িয়ে দেওয়া এ হত্যাকাণ্ডের ২১ বছর পূর্ণ হচ্ছে আজ।
ঘটনার দিন সকালে সরকারি বাসা থেকে জেলা জজ আদালতে যাচ্ছিলেন দুই বিচারক। তাদের বহনকারী মাইক্রোবাসটি আরেক বিচারককে নেওয়ার জন্য থামলে সেখানে হাজির হয় জেএমবির সদস্য ইফতেখার হাসান আল মামুন। তিনি বিচারকদের কাছে কিছু প্রচারপত্র দেওয়ার চেষ্টা করে। তারা তা গ্রহণ না করলে গাড়ি লক্ষ্য করে বোমাভর্তি ব্যাগ ছুড়ে মারেন তিনি। মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে মাইক্রোবাসটি ক্ষতিগ্রস্ত হয়।
হামলায় জ্যেষ্ঠ সহকারী জজ সোহেল আহম্মেদ ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত জগন্নাথ পাঁড়েকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় হামলাকারী ইফতেখার হাসান আল মামুনসহ আরও কয়েকজন আহত হন। পরে হামলাকারীকে আটক করা হয়।
ঘটনার পর দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ ও ক্ষোভের সৃষ্টি হয়। বিচারকদের নিরাপত্তা এবং বিচার বিভাগের ওপর জঙ্গি হামলার বিষয়টি জাতীয় আলোচনায় উঠে আসে। এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক মামলা করা হয়। তদন্তে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সংশ্লিষ্টতা উঠে আসে। মামলার তদন্ত শেষে জেএমবির শীর্ষ নেতাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
২০০৬ সালের ২৯ মে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত দুই বিচারক হত্যা মামলায় জেএমবির প্রধান শায়খ আবদুর রহমান, সেকেন্ড-ইন-কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই, আতাউর রহমান সানি, আবদুল আউয়াল, ইফতেখার হাসান আল মামুন, খালেদ সাইফুল্লাহ ওরফে ফারুক এবং আসাদুল ইসলাম ওরফে আরিফকে মৃত্যুদণ্ড দেন।
পরে ২০০৬ সালের ৩১ আগস্ট হাইকোর্ট সাত আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। আপিল বিভাগেও আসামিদের আবেদন খারিজ হলে মৃত্যুদণ্ড কার্যকরের আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়।
২০০৭ সালের ২৯ মার্চ রাতে দেশের বিভিন্ন কারাগারে জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাইসহ ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ওই ছয়জনের মধ্যে ছিলেন আতাউর রহমান সানি, আবদুল আউয়াল, খালেদ সাইফুল্লাহ ও ইফতেখার হাসান আল মামুন।
মামলার আরেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আসাদুল ইসলাম ওরফে আরিফ পলাতক ছিলেন। পরে ২০০৭ সালের ১০ জুলাই ময়মনসিংহ থেকে তাকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ২০১৬ সালের ১৬ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে খুলনা জেলা কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর মধ্য দিয়ে দুই বিচারক হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামির সবার দণ্ড কার্যকর হয়।
ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আক্কাস সিকদার বলেন, দুই বিচারক হত্যার ঘটনা দেশের বিচার বিভাগের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। বিচারকেরা রাষ্ট্রের বিচারব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তাদের ওপর এমন হামলা ছিল আইনের শাসন ও বিচারব্যবস্থার ওপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে জঙ্গিবাদ ও উগ্রবাদ মোকাবিলায় সবাইকে সচেতন থাকতে হবে। এ ছাড়া দুই বিচারকের স্মৃতি রক্ষায় ঝালকাঠিতে কিছু একটা করার দাবি জানান তিনি।
প্রতিনিধি/এসআই