মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেছেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। এমনকি নিজের দলের কেউ অপরাধে জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়ার সুযোগ নেই। অপরাধ দমনে পুলিশ প্রশাসনকে কঠোর ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) কিশোরগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণে শহরের অপরাধ নিয়ন্ত্রণে সিসিটিভি ক্যামেরা স্থাপন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম।
তিনি বলেন, কিশোরগঞ্জে দায়িত্ব নেওয়ার পর পুলিশ সুপার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিচ্ছেন। জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও স্থানীয় মানুষের সঙ্গে সমন্বয় করে শহরকে শান্তিপূর্ণ ও মাদকমুক্ত করার লক্ষ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের উদ্যোগ অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিমন্ত্রী শরীফুল আলম জানান, কিশোরগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোট ২৫০টি সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে ৭৫টি ক্যামেরা দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, মাদক কারবারি, ছিনতাইকারী, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অপরাধীর রাজনৈতিক পরিচয় দেখে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আইন অনুযায়ী সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নিজের দলের কেউ অপরাধে জড়ালেও তাকে ছাড় দেওয়া যাবে না।
মাদকবিরোধী অভিযান আরও কার্যকর করতে আইনগত ও প্রাতিষ্ঠানিক কিছু পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানো, তাদের গ্রেফতারের ক্ষমতা এবং ড্রাগ টেস্টের বিষয়েও সরকার কাজ করছে।
পুলিশ প্রশাসনের উদ্দেশে শরীফুল আলম বলেন, চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরা প্রশাসনকে সহযোগিতা করবেন। তবে শুধু পুলিশের ওপর নির্ভর করে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
শহরের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করার বিষয়েও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, যানজট নিরসন এবং ফুটপাত দখলমুক্ত করা প্রয়োজন। তবে হকারদের জীবিকা নির্বাহের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। তাদের উচ্ছেদের পাশাপাশি বিকল্প জায়গায় পুনর্বাসনের পরিকল্পনা করতে হবে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে হবে। সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে হবে। কিশোরগঞ্জকে নিরাপদ, সুন্দর ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
সিসিটিভি প্রকল্পের পরিধি বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে শরীফুল আলম বলেন, পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলাকেও সিসিটিভি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। এ জন্য পুলিশ সুপারকে স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং সাংবাদিকরা।
অনুষ্ঠানে বক্তারা কিশোরগঞ্জ শহরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন প্রকল্পকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তারা অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিনিধি/এসআই




