Dhaka Mail Logo

সারাদেশ

ফেইসবুকে উসকানিমূলক পোস্ট: রাজশাহীতে জেলা ছাত্রলীগ সহ-সভাপতি গ্রেফতার

জেলা প্রতিনিধি

১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম

কার্যক্রম নিষিদ্ধ রাজশাহী জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. মুক্তার শেখকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (১১ নভেম্বর) পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মুক্তার শেখ বানেশ্বর ইউনিয়নের দীঘলকান্দি গ্রামের আতাউর রহমানের (সাবেক মেম্বার) ছেলে। তিনি বানেশ্বর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে রাজশাহী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে রয়েছেন মুক্তার।

পুলিশ জানিয়েছে, মুক্তার শেখের ফেসবুক আইডি থেকে নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কার্যকলাপ প্রচার করা হয়েছে।

পলাতক শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে একের পর এক উসকানিমূলক পোস্ট করে যাচ্ছিলেন তিনি। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, ‘তাকে আটক করে থানায় রাখা হয়েছে। আমি মিটিংয়ে এসেছি। তার ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রতিনিধি/এএম