মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

রাজশাহীতে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের তিন নেতা আটক

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০২:৪২ পিএম

শেয়ার করুন:

রাজশাহীতে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের তিন নেতা আটক
আটক ছাত্রলীগের তিন নেতা।

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে উপজেলার পত্রপুর এলাকায় যমুনা জুট মিলের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়ক থেকে তাদের আটক করা হয়। জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও মোহনপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহমুদুল হাসান শ্রাবণ রুবেল তাদের আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার কেশরহাট পৌরসভার হরিগাছি গ্রামের মোজাহার আলীর ছেলে মেহেদী হাসান নিরব (২৫), তিলাহারী গ্রামের ইমরুল হোসেনের ছেলে মশিউর রহমান তুহিন (২৪) এবং একই গ্রামের দুলাল হোসেনের ছেলে সুমন আলী (২১)।

পুলিশ জানায়, ঘটনার সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, এর অঙ্গসংগঠন ও ছাত্রলীগের প্রায় ৫০ থেকে ৬০ জন সদস্য সেখানে সমবেত হয়ে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রচারণার সমর্থনে এবং ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচির অংশ হিসেবে তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশের ভাষ্য। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যান।

rajsahi

পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে ৪০টি মশাল, একটি মোটরসাইকেল, বাটসহ প্রায় আট ইঞ্চি লম্বা একটি চাকু এবং তিনটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে কয়েকজন ব্যক্তি গাড়িতে অগ্নিসংযোগ ও মশাল মিছিলের চেষ্টা করছিলেন। খবর পেয়ে ছাত্রদল নেতা রুবেল ঘটনাস্থলে যান এবং তাদের বাধা দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

মাহমুদুল হাসান শ্রাবণ রুবেল বলেন, “আমরা রাজপথে প্রস্তুত আছি। কেউ নাশকতার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। রাতে জীবনের ঝুঁকি নিয়ে তাদের সামনে একাই গিয়ে আটকিয়ে দিয়েছি। এতে অনেক ক্ষতি থেকে জনগণ রক্ষা পেয়েছে।” এ সময় তিনি জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

মোহনপুর থানার ওসি আতিকুর রহমান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সতর্ক রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর