রাজশাহীর তানোর উপজেলায় বিএনপির একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোররাতে উপজেলার কলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোররাতে কয়েকজন ব্যক্তি এসে কার্যালয়টিতে আগুন দিয়ে পালিয়ে যান। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। তবে আগুনে কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।
খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক এবং তানোর থানার ওসি মাহমুদুল হাসান।
ওসি মাহমুদুল হাসান বলেন, শেষ রাতের দিকে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে বলে তারা জানতে পেরেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস




