জেলা প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পিএম
সিরাজগঞ্জে ফেনসিডিল, হেরোইন ও গাঁজা রাখার দায়ে পৃথক দুটি মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমীন এই রায় ঘোষণা করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাসচুজ্জোহা শাহানশাহ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।’
দণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর পুঠিয়াবাড়ি মহল্লার সাগর শেখের ছেলে আলম শেখ ও মুন্সিগঞ্জ জেলার উত্তর কাজী কসবা গ্রামের মৃত হাতেম কাজীর ছেলে কাজী দিপু ও মালির পাথর গ্রামের মৃত আব্দুল জয়নালের ছেলে সম্রাজ।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি সকালে সাবেক র্যাব-১২ এর সদস্যরা সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। এসময় বগুড়া থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ২৬৬ বোতল ফেন্সিডিলসহ গাড়ি চালক কাজী দিপু ও তার সহযোগী সম্রাজকে আটক করে র্যাব সদস্যরা।
এ ঘটনায় র্যাবের ডিএডি মোহাম্মদ আবু হানিফ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য প্রমান শেষে আজ কাজী দিপু ও তার সহযোগী সম্রাজকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আদালত।
অপরদিকে, ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর সিরাজগঞ্জ শহরে মাদক বিরোধী বিশেষ অভিযান চালায় পুলিশ। সন্ধ্যায় পুলিশের কাছে খবর আসে পৌর এলাকার পুঠিয়াবাড়ি আনারস ঘাট এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।
এ সময় ২৭ গ্রাম হেরোইন ও ত্রিশ পুড়িয়া গাজাসহ আলম শেখকে আটক করে পুলিশ।
এই ঘটনায় শহরের ২নং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় আলম শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।
প্রতিনিধি/এএম