সিরাজগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) কাছে আত্মসমর্পণের একদিন পর আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন চরমপন্থি দলের ৬৫ সদস্য।
সোমবার (২ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর চৌকি আদালতে হাজির হলে আদালতের বিচারক মোসলেম উদ্দিন প্রত্যেককে ৫০০ টাকা বন্ডে জামিন দেন।
শাহজাদপুর চৌকি আদালতের কোর্ট ইন্সপেক্টর আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১২) কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করা ৬৫ জনের মধ্যে পাবনার ৪৫ জন, রাজবাড়ীর ১৩ জন এবং সিরাজগঞ্জের ৭ জন রয়েছেন। আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে মামলা ছিল। এসব মামলা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নিয়েছে সরকার।
এর আগে, রোববার (১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুলে এসআরবি-১২ এর প্রধান কার্যালয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের উপস্থিতিতে তারা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।

এর আগে, চরমপন্থি তৎপরতা নিয়ন্ত্রণে ১৯৯৮ সালে সিরাজগঞ্জের কামারখন্দে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের কাছে অস্ত্র জমা দিয়ে শতাধিক চরমপন্থি সদস্য আত্মসমর্পণ করেন। এরপর ২০১৯ সালের ৯ এপ্রিল পাবনায় পুলিশের কাছে ৫৯৬ জন এবং ২০২৩ সালের ২১ মে সিরাজগঞ্জে তৎকালীন র্যাব-১২ কার্যালয়ে সাত জেলার আরও ৩২৩ জন চরমপন্থি সদস্য আত্মসমর্পণ করেন। এর ধারাবাহিকতায় রোববার দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সিরাজগঞ্জের ৭ জন, রাজবাড়ীর ১৩ জন ও পাবনার ৪৫সহ মোট ৬৫ জন আত্মসমর্পণ করেন।
প্রতিনিধি/এফএ




