জেলা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় আধাপাকা আমন ধানক্ষেতে ব্যাপকভাবে কারেন্ট পোকা বা বাদামি গাছ ফড়িংয়ের আক্রমণ দেখা দিয়েছে। এতে ফসল বাঁচাতে ধানক্ষেতে বিষ প্রয়োগ করতে বাধ্য হচ্ছেন কৃষকেরা। ফলে তাদের উৎপাদন খরচ অনেকটাই বেড়ে যাবে বলে জানিয়েছেন তারা।
আধাপাকা আমন ধানক্ষেতে কারেন্ট পোকার আক্রমণের জন্য কৃষকেরা কৃষি বিভাগের উদাসীনতাকে দায়ী করেছেন। অনেক উপসহকারী কৃষি কর্মকর্তাকে কৃষকেরা চেনেন না বলেও অভিযোগ উঠেছে। উপজেলা কৃষি অফিস অবশ্য আমন ধানক্ষেতে কারেন্ট পোকার আক্রমণের কথা স্বীকার করেছে এবং পোকা দমনে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে।
চলতি মৌসুমে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২০ হাজার ৫৪৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ধানে থোড় আসার আগে কোনো রোগবালাই না থাকলেও ধানের ছড়া বের হওয়ার পর থেকেই কারেন্ট পোকার আক্রমণ দেখা দেয়। আধাপাকা ধানক্ষেতে কারেন্ট পোকার উপদ্রবে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ফসল বাঁচাতে সকাল থেকে বিকেল পর্যন্ত তারা জমির খোঁজখবর নিচ্ছেন।
কৃষকদের অভিযোগ, এবার আমন ধান রোপণের পর থেকে কৃষি বিভাগ তাদের কোনো পরামর্শ দেয়নি। ফলে ধানক্ষেতে ‘পার্চিং’ (ডালপালা পুঁতে পাখি বসার ব্যবস্থা করা) করা হয়নি। আর পার্চিং না করার কারণেই এবার ধানক্ষেতে কারেন্ট পোকার আক্রমণ এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
সরেজমিনে গত রোববার (৮ নভেম্বর) কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ গ্রাম ঘুরে দেখা গেছে, আধাপাকা আমন ধানক্ষেত পোকার আক্রমণে মরে শুকিয়ে গেছে। কৃষকেরা সেই মরা ধানগাছ কেটে বাড়িও নিচ্ছেন না। কারণ পোকা ধরা শুকনা ধানগাছ গবাদিপশু খায় না। ফলে খেতেই নষ্ট হচ্ছে পোকা ধরা আমন ধানগাছ।

কৃষক জসিম উদ্দিন, আফতাব উদ্দিন ও ফজলুল হকের অভিযোগ, তাদের ব্লকে শ্যামলী আক্তার নামে একজন উপসহকারী কৃষি কর্মকর্তা দায়িত্বে আছেন। আজ পর্যন্ত কোনো কৃষক তার দেখা পাননি। তার পরিবর্তে পাশের ব্লকে কর্মরত তার স্বামী মোশারফ হোসেন এই ব্লকে আসেন এবং নির্দিষ্ট কিছু মানুষের সঙ্গে যোগাযোগ করেন। ফলে এই ব্লকের কৃষকেরা কৃষি অফিসের কোনো সঠিক পরামর্শ না পেয়ে কীটনাশক ব্যবসায়ীদের পরামর্শ নিয়ে জমিতে ওষুধ দিচ্ছেন।
একই গ্রামের কৃষক আবুল সরকার জানান, তারা আট ভাই-ই পেশায় কৃষক। তিনি এবার দুই একর জমিতে আমন আবাদ করেছেন। তিনি বলেন, ‘আমরা শুনেছি এখানে একজন মহিলা কৃষি অফিসার আছেন। কিন্তু তার পরিবর্তে তার স্বামী এ ব্লকে কাজ করেন। এলাকায় সরকারি কোনো প্রদর্শনী সাইনবোর্ডও আমাদের চোখে পড়ে না। কৃষি বিভাগের উদাসীনতায় আমাদের পার্চিং করার পরামর্শ পর্যন্ত দেওয়া হয়নি। পার্চিং না করায় পোকার আক্রমণ বেড়েছে।’ এই পরিস্থিতিতে তারা মহিলা কৃষি অফিসারের পরিবর্তে নতুন একজন দক্ষ কৃষি কর্মকর্তা দাবি করছেন।
ওই গ্রামের অপর কৃষক আবু তাহের জানান, তার ছয় কাঠা জমিতে পোকার আক্রমণ দেখা দিয়েছে। একই অবস্থার কথা জানান হোসেন আলীও।
কাহালগাঁও পশ্চিম পাড়ার কৃষক ছিদ্দিক জানান, তিনি ৩৩ কাঠা জমিতে আমন আবাদ করেছেন। আজ পর্যন্ত কৃষি বিভাগের কেউ তাকে কোনো পরামর্শ দেয়নি। তিনি বলেন, ‘আমাদের ব্লকে মিনারা খাতুন নামে একজন উপসহকারী কর্মকর্তা আছেন, যাকে শুধু সরকারি চাল বিতরণের সময় দেখা যায়।’
দূরে আমন ধানক্ষেতে বিষ ছিটানো কৃষক নূরুল ইসলামকে দেখিয়ে তারা বলেন, তার মতো অনেকের খেতেই পোকার আক্রমণ দেখা দিয়েছে। আছিম পাটুলী ইউনিয়নের কুটিরা গ্রামের কৃষক নূরুল ইসলামকে ভরদুপুরে পিঠে বিষপ্রয়োগের মেশিন ঝুলিয়ে আধাপাকা আমন ধানক্ষেতে কীটনাশক ছিটানো অবস্থায় দেখা যায়। তিনি জানান, এবারের মতো পোকার আক্রমণ তিনি আগে কখনো দেখেননি। আজ পর্যন্ত তিনিও কোনো কৃষি কর্মকর্তার দেখা পাননি।

কাহালগাঁও ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মিনারা খাতুন জানান, এক সপ্তাহ আগে তিনি মাঠে গিয়েছিলেন এবং কয়েক দিনের মধ্যে আবার তার ব্লকে যাবেন। তবে পার্চিং না করার বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। অন্যদিকে বিদ্যানন্দ ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা শ্যামলী আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
কালাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, তার ইউনিয়নে কর্মরত পুরুষ উপসহকারী কৃষি কর্মকর্তাদের তিনি চিনলেও আজ পর্যন্ত কোনো মহিলা উপসহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে তার পরিচয় হয়নি। একই চিত্র দেখা গেছে দেওখোলা ইউনিয়নের কালিবাজাইল ও ভাটিপাড়া ব্লকেও।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ৩১ জন উপসহকারী কৃষি কর্মকর্তার পদ থাকলেও বর্তমানে ৯টি পদ শূন্য রয়েছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুকান্ত ধর জানান, তিনি এই উপজেলায় নতুন যোগদান করেছেন। উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত মাঠে যান না এবং স্ত্রীর কাজ স্বামী করেন-এমন বিষয় অত্যন্ত দুঃখজনক। খোঁজ নিয়ে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।