সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

শখের বশে চাষ, দিনাজপুরের মাটিতে এখন তহিদের আঙুরের রাজ্য

সুমন চন্দ্র, দিনাজপুর
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম

শেয়ার করুন:

শখের বশে চাষ, দিনাজপুরের মাটিতে এখন তহিদের আঙুরের রাজ্য
নিজের আঙুরবাগানে তাওহীদুল ইসলাম তহিদ। ছবি: ঢাকা মেইল

যে আঙুরের জন্য একসময় বাজারের দিকে তাকিয়ে থাকতে হতো, সেই আঙুর এখন ফলছে দিনাজপুরের মাটিতে। তাও আবার এক-দুই জাত নয়, একই বাগানে রয়েছে ১৫ জাতের আঙুর।

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নলেয়া গ্রামের কলেজশিক্ষার্থী তাওহীদুল ইসলাম তহিদ মাত্র ১০ শতক জমিতে গড়ে তুলেছেন ব্যতিক্রমী এই বাগান। তার বাগানে ফলেছে লাল, কালো ও সবুজ রঙের নানা জাতের আঙুর।

২০২৪ সালে কয়েকটি আঙুরের চারা রোপণের মধ্যদিয়ে শুরু হয় তহিদের এই উদ্যোগ। প্রথমবার গাছে ফল এলেও আঙুর মিষ্টি না হওয়ায় হতাশ হন তিনি। তবে হাল ছাড়েননি। ভালো জাতের চারা ও ফলের মিষ্টতা বাড়ানোর কৌশল জানতে শুরু করেন পরীক্ষা-নিরীক্ষা। দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে দেখেন আঙুরের বাগান, সংগ্রহ করেন চাষাবাদের অভিজ্ঞতা।

সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২৬ সালে নতুন পরিকল্পনায় গড়ে তোলেন নিজের আঙুরবাগান। দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করেন ১৫ জাতের ৮৫টি চারা। বর্তমানে বাগানে রয়েছে বাইকুনর, একেলো, গ্রিন লং, ক্রিপ্টো, কিলার, ভেলেজ, জরিনা, রাসুনিয়া, জয় সিডলেস, স্পিস, রেবেকা, ব্ল্যাক ম্যাজিক, টিকটক ও মার্সেল ফোর্সসহ বিভিন্ন জাতের আঙুর।

00

বাগানে গিয়ে দেখা যায়, বাঁশের খুঁটি ও রশি দিয়ে তৈরি উঁচু মাচায় বেড়ে উঠেছে আঙুরগাছ। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে লাল, কালো ও সবুজ আঙুরের থোকা। নিয়মিত পরিচর্যার পাশাপাশি কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী সার ব্যবস্থাপনা করছেন তহিদ। এবার বেশ কিছু গাছে ফলন এসেছে। তার বাগান দেখতে দূরদূরান্ত থেকে আসছেন মানুষ।

বাগান দেখতে আসা মাহমুদপুর মডেল স্কুলের শিক্ষক আব্দুল কাদের বলেন, আমাদের এলাকায় এই প্রথম আঙুর চাষ হয়েছে। তাই বাগানটি দেখতে এসেছি। দেখে খুব ভালো লাগল। আঙুর খেয়ে দেখেছি, বেশ মিষ্টি ও সুস্বাদু। আমার মতো অনেকেই বাগান দেখতে আসছেন। তাই আমিও নিজের জমিতে আঙুর চাষ করার কথা ভাবছি।

তাওহীদুল ইসলাম তহিদ বলেন, ছোটবেলা থেকেই আঙুরের প্রতি আমার আগ্রহ ছিল। স্বপ্ন ছিল, সবাই যা করে তার বাইরে গিয়ে নতুন কিছু করার। সেই ইচ্ছাশক্তি আর কৃষির প্রতি ভালোবাসা থেকেই আঙুর চাষ শুরু করি। মাত্র ৩০ হাজার টাকা খরচ করে ১০ শতক জমিতে ১৫ জাতের ৮৫টি আঙুরের চারা রোপণ করেছি। শুরুতে অনেক ভয় কাজ করছিল। তবে বাগানে ফল আসায় এখন আর ভয় লাগে না। আশা করছি, প্রথমবার বাগান থেকে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা আয় হবে।

নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস বলেন, কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় উপজেলায় প্রথমবারের মতো আঙুর চাষ শুরু হয়েছে। এখানকার মাটি ও আবহাওয়া আঙুর চাষের জন্য উপযোগী। আমরা নিয়মিত বাগান পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দিচ্ছি।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর