জেলা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম
মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অস্বাস্থ্যকর পরিবেশ, নিষিদ্ধ রং ব্যবহার এবং নানা অনিয়মের অভিযোগে ‘শামস ফুড বেকারি’-কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিসের নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মৌলভীবাজারের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে বেকারির ভেতরে বহুমুখী অনিয়ম ও অসঙ্গতি পরিলক্ষিত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য খাবারে নিষিদ্ধ টেক্সটাইল রং ব্যবহার, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক, বিস্কুট ও রুটি প্রস্তুত করা, পঁচা ও নোংরা পরিবেশে সংরক্ষিত ব্রেড পুনরায় ব্যবহারের জন্য সংরক্ষণ করা, ময়লাযুক্ত ট্রেতে খাদ্য প্রস্তুত এবং তেল মেশানোর জন্য রঙের ব্রাশ ব্যবহার, কারখানার পাশে ময়লার ভাগাড় থেকে তীব্র দুর্গন্ধ ও মাছি ছড়ানো, অধিকাংশ পণ্যের বিএসটিআই (BSTI) সনদ না থাকা এবং মোড়কে পণ্যের উপাদান বা সঠিক তথ্য উল্লেখ না করার প্রমাণ পাওয়া যায়।
এ ছাড়া মিক্সিং মেশিন ও বাসনপত্র অত্যন্ত নোংরা ও তেলচিটে থাকা, খাবার ঢাকার কাজে ময়লা ও কালিযুক্ত খবরের কাগজ ব্যবহার করা, মোড়কে অগ্রিম বা জালিয়াতির তারিখ প্রদান, নোংরা ও অপরিষ্কার ডিম সংরক্ষণ করা এবং ছত্রাকযুক্ত কাঠের টেবিলে খাদ্য প্রস্তুত করা, খাদ্য মজুদ করার স্থানেই স্টাফদের থাকার ব্যবস্থা করা এবং সার্বিকভাবে স্বাস্থ্যবিধি না মানা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় এসব অপরাধের দায়ে বেকারিটিকে মোট এক লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিস।
প্রতিনিধি/এসআই