জ্বালানি তেল পরিমাপে কম দেওয়া এবং লাইসেন্স ছাড়া এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রির অপরাধে চাঁদপুরে দুটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে জেলার দেবপুর বাজার, কৈয়ারপুল ও ধেররা-বলাখাল এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অপরাধে এইচ.বি. সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা এবং লাইসেন্স ছাড়া এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রির অপরাধে সিদরাত ফুয়েল স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার আদেশ দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এএইচ



