এক গৃহবধূর সন্তান জন্মের পরই শুরু হয়েছে পিতৃত্বের দাবি নিয়ে টানাটানি। নবজাতকের বাবা পরিচয়ে হাসপাতালে হাজির হয়েছেন দুই ব্যক্তি। তাদের একজন হিন্দু, অন্যজন মুসলিম।
দুজনই দাবি করছেন, সদ্য জন্ম নেওয়া শিশুটির বাবা তারা। এ নিয়ে বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।
রোববার (৮ নভেম্বর) সকালে নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে এ ঘটনা ঘটে। তবে সোমবার বিষয়টি জানাজানি হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শান্তা নামের এক গৃহবধূ সেখানে সন্তান জন্ম দেন। সন্তান জন্মের সময় তার পাশে ছিলেন সুভাস নামের এক ব্যক্তি। তিনি নিজেকে শান্তার স্বামী পরিচয় দেন।
তবে ঘটনার মোড় ঘুরে যায় রোববার সকালে। হঠাৎ হাসপাতালে হাজির হন এমদাদুল নামের আরেক ব্যক্তি। তিনিও নিজেকে নবজাতকের বাবা এবং শান্তার স্বামী বলে দাবি করেন।
এমদাদুলের দাবি, ২০২১ সালে বরিশালের চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের সনাতন ধর্মাবলম্বী শান্তাকে প্রেম করে বিয়ে করেন তিনি। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। এরপর তারা ঢাকায় সংসার করছিলেন। তিন মাস আগে সন্তান জন্ম দেওয়ার কথা বলে শান্তা বাবার বাড়িতে আসেন। নিজের দাবির পক্ষে বিয়ের কাবিননামাসহ বিভিন্ন প্রমাণও উপস্থিত ব্যক্তিদের দেখান এমদাদুল।
অন্যদিকে, শান্তা এমদাদুলের সঙ্গে বিয়ের বিষয়টি অস্বীকার করেন। এমনকি নবজাতকের বাবা হিসেবেও তাকে মানতে রাজি নন। তবে এমদাদুলের দেখানো বিয়ের কাবিননামা ও অন্যান্য প্রমাণের বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।
এদিকে এমদাদুল হাসপাতালে হাজির হওয়ার পর সেখান থেকে সরে পড়েন সুভাস। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রের দাবি, এমদাদুলকে বিয়ে করার পরও বাবার বাড়িতে যাতায়াত ছিল শান্তার। এর মধ্যে ২০২৪ সালে আগের বিয়ের কথা গোপন রেখে বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা সুভাসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। পরে তাদের বিয়েও হয়।
সুভাস জানতেন, চাকরির কারণে শান্তাকে ঢাকায় থাকতে হয়। অথচ শান্তা ঢাকায় প্রথম স্বামীর সঙ্গে সংসার করতেন। আবার বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাকেরগঞ্জে দ্বিতীয় স্বামীর সঙ্গেও সময় কাটাতেন বলে অভিযোগ স্থানীয়দের।
আরিফ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ডা. নজরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হলে শান্তার বাবা কৃষ্ণ কর্মকার মেয়েকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান। দুই ব্যক্তির পিতৃত্বের দাবি সামনে আসার পর একপর্যায়ে তারাও হাসপাতাল ছেড়ে চলে যান।
প্রতিনিধি/এএইচ




