নিজস্ব প্রতিবেদক
০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৯ এএম
চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের পুরান বাজার এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও কয়েকজনকে আটক করা হলেও তাদের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
চাঁদপুর মডেল থানার ওসি মোহাম্মদ ফয়েজ আহমেদ বলেন, পুলিশের বিশেষ অভিযান চলছে। অভিযানে কয়েকজনকে আটক করা হয়েছে। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।
এর আগে, আজ দুপুরে চাঁদপুর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার ঘটনা ঘটে। দুর্বৃত্তদের এ কর্মকাণ্ডের প্রতিবাদে সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে পৃথক বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও এর সহযোগী সংগঠনসহ ১১ দলের নেতা-কর্মীরা।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর বলেন, বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদকে আটক করা হয়েছে। জেলাজুড়ে অভিযান এখনো চলমান। আটকের সর্বশেষ তথ্য পরে জানানো হবে।