Dhaka Mail Logo

সারাদেশ

পিরোজপুরে উন্নয়নকাজ পরিদর্শন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি

০৬ নভেম্বর ২০২৬, ১১:১৭ পিএম

পিরোজপুর জেলা ও নেছারাবাদ উপজেলায় দিনব্যাপী সফর করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর (সুমন) এমপি। সফরকালে তিনি পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি ও নেছারাবাদ উপজেলার নাপিতখালী ব্রিজের নির্মাণকাজ পরিদর্শন করেন। এ ছাড়া ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল ম্যাচের উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন।

শুক্রবার (৬ নভেম্বর) প্রতিমন্ত্রী পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি পরিদর্শন করেন। সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী একাডেমির সার্বিক কার্যক্রম, অবকাঠামোগত অবস্থা এবং চলমান উন্নয়ন ও সংস্কারকাজ ঘুরে দেখেন। এ সময় একাডেমির নান্দনিক পরিবেশ বজায় রাখার পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।

এর আগে নেছারাবাদ উপজেলার বহুল প্রতীক্ষিত নাপিতখালী ব্রিজের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি প্রকল্পের সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার তাগিদ দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজটি নির্মিত হলে এলাকার দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ লাঘব হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও আর্থসামাজিক উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে।

পরে বিকেলে নেছারাবাদে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। ফাইনালে রাহুতকাঠী যুব সমাজ কল্যাণ পরিষদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লিটন স্মৃতি দুরন্ত তরুণ দল।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘তরুণ ও যুবসমাজকে মাদকমুক্ত রেখে তাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। স্থানীয় পর্যায়ে উদীয়মান খেলোয়াড় তৈরিতে এ ধরনের ক্রীড়া আয়োজন প্রশংসনীয় ভূমিকা রাখবে।’

প্রতিনিধি/এসআই