Dhaka Mail Logo

সারাদেশ

পিকআপে বিশেষ কায়দায় লুকানো ৬২ হাজার ইয়াবা জব্দ, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি

০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম

নোয়াখালীর সেনবাগে একটি পিকআপের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্রায় ৬২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সৈয়দ নুর (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। তবে অভিযানের সময় চালক গাড়ি রেখে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।

বৃহস্পতিবার গভীর রাতে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কক্সবাজারের টেকনাফ থেকে মাদকের একটি বড় চালান নোয়াখালীর দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় তল্লাশিচৌকি বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় পুলিশ।

তল্লাশির একপর্যায়ে রাত সোয়া ১টার দিকে টেকনাফ থেকে ছেড়ে আসা একটি সন্দেহভাজন পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে পিকআপের বডির ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৬২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় গাড়িটিতে থাকা সৈয়দ নুরকে গ্রেফতার করা হলেও চালক পালিয়ে যান।

গ্রেফতারকৃত সৈয়দ নুর কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ৫ নম্বর হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিকদারপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে।

এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কামাল জানান, এ ঘটনায় সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রক্রিয়া চলছে। 

এ দিকে গ্রেফতারকৃত ইয়াবার চালান নিয়ে বিকালে সেনবাগ থানায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জেলা পুলিশ।

প্রতিনিধি/এফএ