জেলা প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ এএম
রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার নতুন করে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি।
শনিবার (৩১ অক্টোবর) রাতে কমিটির সদস্য সচিব বিন্দু লাল চাকমার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা আসে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজেকে সহিংসতা, সশস্ত্র তৎপরতা, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় সশস্ত্র মহড়া এবং পর্যটকদের জিম্মি করে হামলার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, গত ১১ অক্টোবর থেকে সাজেকে অবরোধ চললেও সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বন্ধ হয়নি। বরং ৩১ অক্টোবর কলাবুনিয়া এলাকায় নতুন করে গোলাগুলির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি পালন করা হবে বলে জানায় সংগঠনটি।
এরআগে, মৌলিক চাহিদা বিবেচনায় (নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ) আজ রোববার (১ নভেম্বর) রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্র সড়কে একদিনের জন্য অবরোধ কর্মসূচি শিথিল করেছিল আন্দোলনরত স্থানীয় দুইটি সংগঠন।
গত শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ওই ঘোষণা দেয় সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন।
বিবৃতিতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের পক্ষে বাবুধন চাকমা ও নতুন জয় চাকমা এই ঘোষণা দিয়েছিলেন।
ওই বিবৃতিতে বলা হয়, রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের পর্যটন সড়কে তৃতীয় দফায় টানা ৯ দিন (শুক্রবার পর্যন্ত) ধরে চলা অবরোধ কর্মসূচি আগামী ১ নভেম্বর (রোববার) একদিনের জন্য শিথিল থাকবে। এলাকার সাধারণ জনগণের মৌলিক চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, ১ নভেম্বর (রোববার) এর পর থেকে পূর্বের ন্যায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। এছাড়া বৌদ্ধ ধর্মাবলম্বীরা যাতে সুষ্ঠুভাবে কঠিন চীবর দানোৎসব পালন করতে পারেন, সেজন্য তাদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বিশেষ শিথিলতার ব্যবস্থা নেওয়া হবে। এজন্য ধর্মীয় প্রতিষ্ঠান বা বিহার কর্তৃপক্ষকে অবরোধকারী সংগঠনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
এএম