Dhaka Mail Logo

সারাদেশ

উখিয়ায় ১ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

জেলা প্রতিনিধি

৩১ অক্টোবর ২০২৬, ০১:২৯ পিএম

কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের সময় ৫০ হাজার পিস ইয়াবাসহ মো. হাসমাতুল্লাহ (৪০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৫০ লাখ টাকা।

শনিবার (৩১ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটের দিকে উখিয়ার পালংখালী সীমান্তের ফারিরবিল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর পালংখালী বিওপির বিশেষ টহল দল এ অভিযান চালায়।

আটক হাসমাতুল্লাহ উখিয়ার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এফ এলাকার বাসিন্দা। তিনি মো. আবুল বাশারের ছেলে।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী ফারিরবিল এলাকার মিজানের ঘেরের পূর্ব পাশে বেড়িবাঁধে অবস্থান নেয়। এ সময় মিয়ানমার থেকে এক ব্যক্তিকে হাতে একটি পোটলা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়।

পরে তাকে চ্যালেঞ্জ করা হলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। পরে তার হাতে থাকা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের পাঁচ কার্টনে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।

অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও চোরাকারবারির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এফএ