জেলা প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পিএম
পঞ্চগড়ের বোদা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের মাধ্যমে নিজ নিজ দোকান দ্রুত ফিরে পাওয়ার সুযোগ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সঙ্গে শাকসবজির বাজার পুনর্বিন্যাস এবং বোদা বাসস্ট্যান্ডের সৌন্দর্যবর্ধনসহ চলমান উন্নয়নমূলক কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় বোদা বাজারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও উচ্ছেদ অভিযান পরিচালনার এলাকা পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব নির্দেশনা দেন।
এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, উচ্ছেদ অভিযানে যেসব ব্যবসায়ীর দোকানপাট অপসারণ করা হয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। প্রত্যেক ব্যবসায়ী যেন নিজ নিজ দোকান ফিরে পাওয়ার সুযোগ পান, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন,উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে গিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা ও স্বার্থের বিষয়টি কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। এলাকার উন্নয়ন যেমন জরুরি, তেমনি ব্যবসায়ীদের জীবন-জীবিকার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। উন্নয়নের কারণে কোনো ব্যবসায়ী যেন অযথা ক্ষতিগ্রস্ত না হন, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, বোদা বাজারের সার্বিক উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে প্রশাসন, ব্যবসায়ী সমিতি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় থাকতে হবে। পরিকল্পিতভাবে বাজারের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি শাকসবজির বাজার পুনর্বিন্যাস ও বোদা বাসস্ট্যান্ডের সৌন্দর্যবর্ধনের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি এবং ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন নিশ্চিত করার বিষয়ে প্রতিমন্ত্রীর এই নির্দেশনাকে স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
প্রতিনিধি/এফএ