জেলা প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপির মধ্যে থাকা চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের চিহ্নিত করে বহিষ্কার করতে হবে। অন্যথায় তাঁর পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে না।
একই সঙ্গে আওয়ামী লীগ ও বিএনপিকে ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, ‘এই দুই শক্তির কারণে’ দেশে শান্তি ফিরে আসছে না। বর্তমানে স্বৈরাচার ও চাঁদাবাজ এক হয়ে দেশ ধ্বংসের নীলনকশা করছে বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এনসিপির শরীয়তপুর জেলা শাখা আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ, চাকরিতে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন।
নাহিদ ইসলাম বলেন, ‘ছাত্ররা জীবন না দিলে তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে আসতে পারতেন না। তিনি অভিযোগ করেন, একসময় যারা অর্থ পাচার করেছিল, তাদের জায়গায় এখন নতুন অর্থ পাচারকারীরা এসেছে।’
দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘গ্যাসের দাম ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বিভিন্ন স্তরে সিন্ডিকেট গড়ে ওঠায় দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এতে সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক অঙ্গনে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারত্ব বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কাঙ্ক্ষিত পরিবর্তন অর্জন কঠিন হবে।’
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে জনগণের স্বার্থে কাজ করতে হবে।’
সভায় বক্তারা দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব সমস্যা সমাধানে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এবং রাজনৈতিক দলগুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তারা।
প্রতিনিধি/এএম