Dhaka Mail Logo

সারাদেশ

ট্রাক সরাতে গিয়ে দুই গাড়ির মাঝে চাপা পড়ে কেসিসির চালক নিহত

জেলা প্রতিনিধি

০৮ অক্টোবর ২০২৬, ০৪:১১ পিএম

খুলনা মহানগরীর পাওয়ার হাউস মোড় সংলগ্ন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) গ্যারেজে দুই ট্রাকের মাঝে চাপা পড়ে গাড়িচালক মো. আব্দুস সালাম মারা গেছেন। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অপর গাড়ির চালক বারেক গাজী পলাতক।

মৃত সালাম সোনাডাঙ্গা থানার ময়লাপোতা এলাকার মো. মেছের আলীর ছেলে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১১টার দিকে কেসিসির চালক বারেক বাইরে থেকে গাড়ি চালিয়ে গ্যারেজে প্রবেশ করেন। এসময় তিনি গাড়ি সরিয়ে নিতে বললে সালাম প্রতি উত্তরে তাকেই গাড়ি সরাতে বলেন।

বারেক গাড়ি স্টার্ট দিলে গাড়িটি সামনের দিকে গিয়ে সালামকে ধাক্কা দেয়। দুই গাড়ির মাঝে চাপা পড়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান তিনি।

পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল পরিদর্শন করে সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) মো. মতিয়ার রহমান বলেন, ‘নিহত ব্যক্তির পরিবার মামলা করতে চাইছে না। তাই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ’

তিনি আরও বলেন, ‘পলাতক চালক বারেককে আটকের চেষ্টা চলছে। তাকে আটক করা গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে।’

প্রতিনিধি/এএম