বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

খুলনায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৯৫

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পিএম

শেয়ার করুন:

খুলনায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৯৫

সম্প্রতি খুলনায় খুনসহ নানান অপরাধের গুরুত্ব বিবেচনায় জেলায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান (স্পেশাল ড্রাইভ) শুরু করেছে জেলা পুলিশ। অভিযানের প্রথম দিনেই বিভিন্ন জায়গা থেকে ৯৫ জনকে আটক ও গ্রেফতার করা হয়েছে।

বুধবার ৭ অক্টোবর) খুলনা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার সরকার ওমর ফারুক।

ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, জনগণের জানমালের নিরাপত্তা ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ। সাম্প্রতিক সময়ে সংঘটিত কয়েকটি অপরাধ, বিশেষ করে টার্গেট কিলিংয়ের ঘটনা বিবেচনায় নিয়ে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা জোরদারে নতুন করে বিশেষ অভিযান শুরু করা হয়েছে।

তিনি জানান, ৬ অক্টোবর রাত থেকে খুলনা জেলার বিভিন্ন ইউনিটে এ অভিযান শুরু হয়। অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারী, দুষ্কৃতকারী এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার ও আদালতের পরোয়ানা তামিল করা হচ্ছে।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, বিশেষ অভিযানের প্রথম দিনেই জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯৫ জনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ সুপার বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরেও নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে জেলা পুলিশের নজরদারি অব্যাহত থাকবে।

অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সহযোগিতা করার জন্য জনপ্রতিনিধি, সচেতন নাগরিক, গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর