জেলা প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ এএম
ফেনীতে পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ডাকাত, একাধিক মামলার আসামি, মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ, বিয়ার ও ইয়াবা উদ্ধার করে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী পরিচালিত এই অভিযান শেষে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানকালে ফেনী মডেল থানাধীন মহিপাল এলাকা থেকে সন্ত্রাসবিরোধী মামলার আসামি আশ্রাফুজ জামান সোহাগ (২০) এবং শহরের এসএসকে রোড থেকে ডাকাত দলের সক্রিয় সদস্য সাইফুল ইসলাম রিয়াজকে (২৮) গ্রেফতার করা হয়।
অন্যদিকে ধর্মপুর এলাকা থেকে ৫০ বোতল বিদেশি মদসহ একাধিক মাদক মামলার আসামি মো. সেলিমকে (২৪) এবং চাটপুর খাজুরিয়া জজ কোর্ট কলোনি এলাকা থেকে ১০ লিটার দেশীয় চোলাই মদসহ মো. হৃদয় (২০) ও তার মা রাবেয়া আক্তারকে গ্রেফতার করে পুলিশ।
এ ছাড়া অভিযানকালে ৫৭ পিস ইয়াবাসহ শাহরিয়ার হোসেন (২২), নাজমুল ইসলাম (২১), শহিদুল ইসলাম সুমন (৫৪), ইসমাইল হোসেন ইমন (২৬), মো. রুবেল (২৬), ৩ বোতল বিয়ারসহ আবু ছায়াদ (২০) ও মো. ইকবাল হোসেনকে (৫২) গ্রেফতার করা হয়েছে।
অভিযানে মোট ৫০ বোতল বিদেশি মদ, ১০ লিটার দেশীয় চোলাই মদ, ৩ বোতল বিয়ার ও ৫৭ পিস ইয়াবা জব্দ করা হয়।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, গ্রেফতার ব্যক্তিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এএম