ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভার সংলগ্ন এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন- রোহিঙ্গা নাগরিক জাকির আলম (৪৫) ও ১৫ বছর বয়সি এক কিশোর।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭-এর একটি দল জানতে পারে একদল মাদক কারবারি চট্টগ্রামগামী বাসে ওঠার উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে মহিপাল এলাকায় অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাইয়ে র্যাবের অভিযানিক দল ওই এলাকায় পৌঁছালে উপস্থিতি টের পেয়ে আসামিরা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা চালান। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে তাদের ধরে ফেলেন।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে জাকির আলমের কাছে থাকা একটি খাকি রঙের কার্টন থেকে আট কেজি এবং সঙ্গে থাকা কিশোরের কাঁধের ব্যাগ থেকে সাত কেজি-সর্বমোট ১৫ কেজি স্কচটেপে মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়।
ফেনী র্যাব ক্যাম্পের অধিনায়ক মিজানুর রহমান জানান, গ্রেফতার রোহিঙ্গাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদকসহ তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এজে




