Dhaka Mail Logo

সারাদেশ

চবির সহকারী প্রক্টরকে চড়: ছাত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার আদালতের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দায়িত্ব পালনরত এক সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. কোরবান আলীকে লাঞ্ছনা ও চড় মারার অপরাধে স্থায়ীভাবে বহিষ্কৃত আইন বিভাগের শিক্ষার্থী আফসানা এনায়েত এমির স্থায়ী বহিষ্কার ও সনদ বাতিলের আদেশ স্থগিত করেছেন আদালত।

রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আফসানা এমির আইনজীবী অ্যাডভোকেট মোশতাক আহমেদ চৌধুরী। তিনি জানান, প্রায় এক মাস আগে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের আদালত এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের রায় ঘোষণা করেন।

ইতিহাসের খসড়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

অ্যাডভোকেট মোশতাক আহমেদ চৌধুরী বলেন, ‘হাইকোর্ট বিভাগ আফসানা এমির বিরুদ্ধে জারিকৃত বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ছয় মাসের বহিষ্কারাদেশ বহাল রেখেছেন, যা ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। একই সঙ্গে আদালত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছেন, তাঁর অনার্স ও মাস্টার্স ডিগ্রির সব সার্টিফিকেট যেন তাঁকে ফেরত দেওয়া হয়।’

‘রায়ের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করা হয়েছিল, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে কি না। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল না করার সিদ্ধান্ত নেয়। ফলে, আফসানা এমির অনার্স ও মাস্টার্সের সার্টিফিকেট প্রাপ্তির ক্ষেত্রে এখন আর কোনো আইনগত বাধা অবশিষ্ট নেই,’ বলেন তিনি।

ছাত্রীদের ক্যারিয়ার প্রস্তুতিতে চাকসুর ১৮০ বই উপহার

উল্লেখ্য, গত বছরের ৫ ফেব্রুয়ারি রাতে চবির তৎকালীন শেখ হাসিনা হলের (বর্তমান বিজয় ২৪ হল) ‘নৌকা প্রতীক’ ও শেখ হাসিনার ম্যুরাল ভাঙতে গেলে হলের কিছু ছাত্রীর বাধার সম্মুখীন হন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় ছাত্রীরা ও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিবাদে জড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. কোরবান আলীকে চড় মারেন হলের আবাসিক ছাত্রী আফসানা এনায়েত এমি।

পরে ১১ ফেব্রুয়ারি শিক্ষককে চড় মারার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ওই শিক্ষার্থীর বহিষ্কারের দাবিতে ক্যাম্পাসে ব্যাপক আন্দোলন শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে ১৩ ফেব্রুয়ারি বিকেল ৩টায় চবি উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় তাঁকে স্থায়ী বহিষ্কার এবং তাঁর সনদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। 

প্রতিনিধি/ইএইচ