images

সারাদেশ

করতোয়া পুনঃখনন প্রকল্পের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ পিএম

করতোয়া নদীর পুনঃখনন ও বাঁধ নির্মাণ প্রকল্পের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তিনি দেবীগঞ্জ পৌর শহরের করতোয়া নদীর তীর এলাকা এবং ময়নামতি চর সংলগ্ন স্থান ঘুরে দেখেন।

পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রতিমন্ত্রী জানান, পঞ্চগড়ে প্রায় ৩১ কিলোমিটার নদীপথের বিভিন্ন স্থানে ভাঙন ও ক্ষয়ক্ষতির কারণে কৃষিজমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব এলাকা রক্ষায় নদীতে কংক্রিট ব্লক বসিয়ে টেকসই বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ২৫ কিলোমিটার নদীপথ পুনঃখননের উদ্যোগও প্রক্রিয়াধীন রয়েছে।

পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীভাঙন রোধের পাশাপাশি কৃষিক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে এবং ফসল উৎপাদন বাড়বে। এর মাধ্যমে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘খাল খননের মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটানোর যে উদ্যোগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রহণ করেছিলেন, বর্তমান সরকার সেই ধারাবাহিকতা বজায় রেখে নদী ও খাল ব্যবস্থাপনার উন্নয়নে কাজ করছে।’

সুষ্ঠু পানি ব্যবস্থাপনার মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা জোরদার হবে বলেও তিনি উল্লেখ করেন।

এসময় দেবীগঞ্জের ময়নামতি চরকে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। চর এলাকাকে নদীভাঙন থেকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি পর্যটকদের জন্য উপযোগী অবকাঠামো গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

জানা গেছে, আগামী জুন মাসের মধ্যে প্রকল্পের প্রথম ধাপের কাজ শুরু করার লক্ষ্যে প্রাথমিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এএম