পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গ্রাম পুলিশ (মহল্লাদার) নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া ৩৮ প্রার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেননি। লিখিত পরীক্ষায় জাতীয় সংগীত শুদ্ধভাবে লিখতে না পারায় সকল প্রার্থীকে অকৃতকার্য ঘোষণা করেছে নিয়োগ বাছাই কমিটি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে চার ইউনিয়নের পাঁচটি শূন্য পদে এ নিয়োগ বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট ইউনিয়নগুলো হলো— তিরনইহাট, তেঁতুলিয়া, শালবাহান ও দেবনগর।
বিজ্ঞাপন
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তেঁতুলিয়া উপজেলায় গ্রাম পুলিশ (মহল্লাদার) নিয়োগ পরীক্ষায় মোট ৩৮ প্রার্থী আবেদন করেন। পরীক্ষার শুরুতে তাদের শারীরিক যোগ্যতা যাচাই করা হয়। এরপর মেধা যাচাইয়ের অংশ হিসেবে ১৫ মিনিট সময় দিয়ে জাতীয় সংগীত লিখতে বলা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থীই বাংলাদেশের জাতীয় সংগীত সম্পূর্ণ ও শুদ্ধভাবে লিখতে পারেননি।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, গ্রামপুলিশের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে ন্যূনতম সাধারণ জ্ঞান ও শিক্ষাগত মান থাকা অত্যাবশ্যক।
নিয়োগ বাছাই কমিটিতে উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ওসি রাশেদুল ইসলাম, উপজেলা এলজিইডির প্রকৌশলী ইদ্রিস আলী খান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নিয়োগ কমিটির সভাপতি আফরোজ শাহীন খসরু বলেন, জাতীয় সংগীতের মতো মৌলিক বিষয়ে প্রার্থীদের এমন অজ্ঞতা সত্যিই দুঃখজনক। নিয়োগের ক্ষেত্রে সাধারণ জ্ঞান ও দেশপ্রেমের প্রাথমিক ধারণা থাকা আবশ্যক।
উত্তীর্ণ প্রার্থী না থাকায় শিগগিরই পুনরায় নিয়োগ কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
প্রতিনিধি/টিবি

