জেলা প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১ এএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে আন্দোলনের কারণে ময়মনসিংহ জেলার ৩০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়েছেন অভিভাবকেরা। তারা বলছেন, সব পরীক্ষা শেষ হওয়ার পর আন্দোলন করা যেতো।
এ অবস্থায় বুধবার (৩ ডিসেম্বর) সকালে শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় বসেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। সভায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।
আরও পড়ুন: শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় ১৪টি থানা নিয়ে গঠিত ১৩টি উপজেলায় দুই হাজার ১৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষক রয়েছেন ১৫ হাজার ৪৯ জন এবং শিক্ষার্থীর সংখ্যা সাত লাখ ৮৩ হাজার। আন্দোলনের কারণে আজ ৩০০টি বিদ্যালয়ে কোনো পরীক্ষা হয়নি। তবে এক হাজার ৮৪০টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক একাই পরীক্ষা নিয়েছেন।
আরও পড়ুন: দুই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব
এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওবায়দুল্লাহ বলেন, জেলার ৩০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা হয়নি। তবে এক হাজার ৮৪০টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক একাই পরীক্ষা নিয়েছেন।
তিনি আরও বলেন, সকালে জেলা প্রশাসকের সঙ্গে সহকারী শিক্ষক নেতাদের আলোচনা হয়েছে। ফলপ্রসূ আলোচনায় আগামীকাল থেকে জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
প্রতিনিধি/ এমইউ