জেলা প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৬ এএম
ফাঁসির সাজা থেকে মুক্ত হয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, অন্ধকার জেলের কনডেম সেলেও আমার ওপর ভয়াবহ ও অমানবিক নির্যাতন চালানো হয়েছে। নির্যাতনে অসুস্থ হয়ে অর্ধমৃত অবস্থায় আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আমি পাঁচ মাস ছিলাম। সেখানে আমি দেখেছি- কাউকে কাউকে ড্রিল মেশিন দিয়ে হাঁটু ছিদ্র করে দেওয়া হচ্ছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল পৌর শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল জেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব বর্ণনা দেন।
আরও পড়ুন: ময়মনসিংহে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
আব্দুস সালাম পিন্টু বলেন, শেখ হাসিনা সরকার আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির আদেশ দিয়েছিল, কী ভয়াবহ নির্যাতন করেছে তারা। যারা আপনারা দেখেন নাই, তারা বুঝবেন না। কত ভয়াবহ নির্যাতন আমাদের ওপর হয়েছে। পাশের অনেক অসুস্থ মানুষ নির্যাতনে মৃত্যুবরণ করেছে। দীর্ঘ ১৭ বছরে পরিবারের সঙ্গে আমাকে দেখা করতেও দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, আমি এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, তারপরেও আমার ওপর নির্যাতন চালায়। তারা ড্রিল মেশিন দিয়ে পায়ের হাঁটু ছিদ্র করে দিতো। আমাদেরকে কনডম সেলে নিয়ে নির্যাতন করা হতো। এসব অত্যাচারীদেরকে কখনেও আল্লাহ ক্ষমা করেননি, শেখ হাসিনাকেও ক্ষমা করবেন না।
আরও পড়ুন: ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন - বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান।
আরও বক্তব্য দেন - কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ওবায়দুল হক নাসির ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/ এমইউ