মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

গ্লোবাল শিল্ড থেকে ৪১৫ কোটি টাকার অনুদান পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১১:১২ পিএম

শেয়ার করুন:

গ্লোবাল শিল্ড থেকে ৪১৫ কোটি টাকার অনুদান পাচ্ছে বাংলাদেশ
আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পরিবেশ বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজসহ অন্যরা।

জলবায়ু পরিবর্তন ও দুর্যোগজনিত আর্থিক ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড কর্মসূচির আওতায় বাংলাদেশ প্রায় ৪১৫ কোটি টাকার অনুদান পেতে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে ৩০ মিলিয়ন ইউরো বা এ অর্থায়ন সম্পূর্ণ অনুদান হিসেবে পাওয়া যাবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) নেতৃত্বে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে গ্লোবাল শিল্ডের কাছে অর্থায়ন সহায়তার আবেদন জমা দিয়েছিল। এর মূল উদ্দেশ্য জলবায়ু ও দুর্যোগজনিত ঝুঁকি মোকাবিলায় দেশের আর্থিক প্রস্তুতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা।

সাইমুম পারভেজ বলেন, এ অগ্রগতি সবুজ, টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়নে নেতৃত্ব দেওয়ার বাংলাদেশের প্রত্যয়ের প্রতিফলন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে অভিহিত করে তাঁর নেতৃত্বের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

আরও পড়ুন:

জলবায়ু তহবিলের ন্যায্য হিস্যা ও দ্রুত অর্থ ছাড়ের দাবি পরিবেশমন্ত্রীর

জলবায়ু সম্মেলন থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভী

জলবায়ু ক্ষতি মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার অনুদান পাচ্ছে বাংলাদেশ

জলবায়ু তহবিলে কোটি কোটি ডলার, উপকূলবাসীর সুফল কোথায়?

‎কপ-৩১: ‎কার্বন মার্কেটে ন্যায্য হিস্যা দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ

সংবাদ সম্মেলনে জানানো হয়, জি-৭ এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থমন্ত্রীদের জোট ভি২০-এর যৌথ উদ্যোগে গ্লোবাল শিল্ড এগেইনস্ট ক্লাইমেট রিস্কস কর্মসূচি প্রতিষ্ঠিত হয়েছে। দুর্যোগের আগেই আর্থিক প্রস্তুতি নিশ্চিত করা এবং দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের লক্ষ্য।

বাংলাদেশে এ কর্মসূচির আওতায় জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন এবং বিমাব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হবে। এর মধ্যে রয়েছে জাতীয় নীতি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন, বন্যা ও ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগের ঝুঁকি মূল্যায়ন এবং তথ্যব্যবস্থা ও মডেলিংয়ের উন্নয়ন। পাশাপাশি কৃষক, জেলে ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য জলবায়ু বিমা ও অন্যান্য আর্থিক সুরক্ষার সুযোগ বাড়ানো হবে।

দুর্যোগের পূর্বাভাস বা নির্ধারিত ঝুঁকির ভিত্তিতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থাও গড়ে তোলা হবে। এ কার্যক্রম দেশের বিদ্যমান জাতীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বাস্তবায়নের পাশাপাশি তাদের নিজস্ব সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। এর ফলে উপকূলীয় ও দুর্যোগপ্রবণ এলাকার মানুষের জীবিকা এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষা কাঠামো তৈরির সুযোগ তৈরি হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রাথমিক পর্যায়ের ৩০ মিলিয়ন ইউরোর কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে পরবর্তী সময়ে আরও ২০ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৫০ কোটি টাকার অতিরিক্ত অর্থায়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই অর্থায়ন পাওয়া গেলে জলবায়ু ও দুর্যোগঝুঁকি মোকাবিলার কার্যক্রম আরও সম্প্রসারণ করা সম্ভব হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থায়নের ধরন স্পষ্ট করে ড. সাইমুম পারভেজ বলেন, ‘এটি সম্পূর্ণ অনুদান, ঋণ নয়।’

সংবাদ সম্মেলনে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও জাতিসংঘ অনুবিভাগের প্রধান এ কে এম সোহেল, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম টিপু এবং সিভিএফ-ভি২০ সচিবালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও ভি২০ অর্থবিষয়ক উপদেষ্টা সারা জেন আহমেদ উপস্থিত ছিলেন।

এমএইচ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর