কার্বন নিঃসরণে নগণ্য ভূমিকা থাকা সত্ত্বেও সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশ হিসেবে বাংলাদেশকে অবিলম্বে জলবায়ু অর্থায়ন, অভিযোজন তহবিল এবং কার্বন মার্কেটে ন্যায্য হিস্যা দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ। তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতা পর্যায়ের অধিবেশনে অংশ নিয়ে উচ্চপর্যায়ের বিভিন্ন বৈঠক ও গোলটেবিল আলোচনায় এসব দাবি তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আন্তালিয়া এক্সপো সেন্টারে আয়োজিত জলবায়ু সম্মেলনে এসব দাবি জানায় বাংলাদেশ।
আলোচনায় আন্তর্জাতিক বাজারে কার্বন ক্রেডিটের পাশাপাশি স্থান পেয়েছে টেকসই সবুজ অর্থনীতি। শুধু প্রতিশ্রুতি নয়, বরং তা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশসহ স্বল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলো মোকাবেলা করবে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ সংকট।
বিভিন্ন ফোরামে আলোচনা শেষে পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু অভিঘাত মোকাবিলায় আন্তর্জাতিক তহবিল তিন গুণ করার পাশাপাশি প্যারিস চুক্তির অনুচ্ছেদ ৬ অনুযায়ী স্বচ্ছ কার্বন মার্কেটের মাধ্যমে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের রূপরেখা তুলে ধরেছে বাংলাদেশ।
তিনি বলেন, এ বছর আমরা টার্গেট করেছি যে, আমরা যে উদ্যোগগুলো নিয়েছি সেখানে কিছু ফান্ডের দরকার আছে। যেমন আমাদের গ্রীন এনার্জি বা অন্যান্য বিষয় নিয়ে কাজ করছি সেখানে যদি ফান্ডিং পাওয়া যায় তাহলে অনেক সুবিধা হবে।
পরিবেশ প্রতিমন্ত্রী আরও বলেন, আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে ক্ষতি হচ্ছে সেটা ক্ষতিপূরণ আদায় করতে হবে। এটা ঋণ নয়, এটা ক্ষতিপূরন। সেইটার জন্যই আমরা কাজ করছি। আমরা চেষ্টা করবো, সেটা যতো বেশি আলোচনা করা যায় এ বিষয়গুলো নিয়ে আমাদের দক্ষরা আছে তাদেরকে এ ব্যাপারে সম্পৃক্ত করা হয়েছে।
তিনি বলেন, আমরা আশা করবো- এ জলবায়ু সম্মেলন টা গতানুগতিক জলবায়ু সম্মেলন না। এবারের সম্মেলন আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি জলবায়ু সম্মেলন। এ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপস্থিতি আমাদের দেশের জন্য আরও গুরুত্বপূর্ণ করে তুলবে জলবায়ুর এ সম্মেলনকে।
পরিবেশ বিজ্ঞানী ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, স্বচ্ছ কার্বন মার্কেট এবং টেকসই সবুজ অর্থনীতি যেমন টেকসই অর্থনৈতিক উন্নয়ন করবে। তেমনি একই সাথে বিশ্ববাজারে নতুন স্থান করে নিবে বাংলাদেশ। সবুজভাবে আমরা যদি চিন্তা না করি,অরেঞ্জ ও রেড ক্যাটাগরিতে আমরা থাকলে হবে না।
তিনি বলেন, আমাদের যেমন রেড ক্যাটাগরি ইন্ডাস্ট্রি হতে পারে যেমন- ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রি এবং স্টীল ইন্ডাস্ট্রি। এগুলো আমাদের রেড ক্যাটাগরি ইন্ডাস্ট্রি হতে পারে। কিন্তু টার যে উৎপাদন প্রক্রিয়া সেইটা এবং উৎপাদন পরবর্তীতে আমাদের যে ফান্ডিং তৈরি হবে। সেটি যখন রি ইনভেস্টমেন্ট হবে সে জায়গাটাতে যখন উন্নত টেকনোলজি ব্যবহার হবে। তখন আমাদের রেড ইন্ডাস্ট্রিগুলো সবুজ ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত হবে এবং সবুজ অর্থনীতি আমাদের ত্বরান্বিত হবে।
এদিকে বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ জলবায়ু সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বনেতাদের সাথে সৌজন্য ও করমর্দন বিনিময়ের পর রাষ্ট্র ও সরকার প্রধানদের আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন তিনি। এরপরই শুরু হয় গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতা।
দিনের প্রথমভাগে উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাভকাত মির্জিয়োয়েভ এবং বিকেলে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী।
বৈঠকে বাণিজ্য ও দ্বিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি গুরুত্ব পায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সমন্বিত পদক্ষেপের বিষয়গুলো। পাশাপাশি শূন্য বর্জ্য ব্যবস্থাপনা, সার্কুলার অর্থনীতি, মিথেন নিঃসরণ হ্রাস এবং পচনশীল পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের মতো উচ্চপর্যায়ের গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখেন তিনি।
সফরের তৃতীয় দিন বৃহস্পতিবার পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের চূড়ান্ত অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একেএস/এমএইচআর




