বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ঢাকা

জলবায়ু ক্ষতি মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার অনুদান পাচ্ছে বাংলাদেশ

একে সালমান, আন্তালিয়া (তুরস্ক) থেকে
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১১:৩২ পিএম

শেয়ার করুন:

জলবায়ু ক্ষতি মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার অনুদান পাচ্ছে বাংলাদেশ
ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশসহ ৬ দেশ: পরিবেশ প্রতিমন্ত্রী তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে সংবাদ সম্মেল

৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছ থেকে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডের আওতায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান পাচ্ছে বাংলাদেশ। উপকূলীয় অঞ্চলের মানুষের উন্নয়ন, ইকোসিস্টেম পুনরুদ্ধার এবং ঘূর্ণিঝড়প্রবণ এলাকায় সাইক্লোন শেল্টার নির্মাণসহ বিভিন্ন কাজে এ অর্থ ব্যয় করা হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের আন্তালিয়া এক্সপো সেন্টারে জলবায়ু সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ ও বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

এ সময় তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টায় জলবায়ু সম্মেলন কেন্দ্রে এ ঘোষণা দেওয়া হয়েছে। জলবায়ু সম্মেলনে এ ধরনের ঘোষণা এবারই প্রথম। ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড থেকে বাংলাদেশকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার গ্র্যান্ট (অনুদান) হিসেবে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এটি আমাদের জন্য একটি বড় পাওয়া।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে বিষয়টি গুরুত্বের সঙ্গে বলেছেন, তা হলো—আমাদের চলমান কাজগুলোর জন্য ঋণের প্রয়োজন রয়েছে। কারণ, ব্যবসা করতে গেলে ব্যাংকঋণ অনেক প্রয়োজন। এ জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বিশ্বব্যাংক ও এআইআইবিসহ (এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক) সংশ্লিষ্ট সবার সঙ্গে আমাদের এ ধরনের ব্যবস্থা গড়ে তুলতে হবে। কারণ, জলবায়ু ঋণ সহজ শর্তে ও কম সুদে পাওয়া যায়। এভাবে অর্থায়ন করতে পারলে আমাদের চলমান কাজগুলো আরও কার্যকর হবে বলে মনে করি।

তিনি বলেন, ঋণ নিতে গেলে প্রতি হাজার টাকার বিপরীতে ১০০ টাকা অনুদান দিতে হয়। আমরা যে অনুদান পাব, সেটিই আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি। এটি কোনো দাতব্য সহায়তা নয়; বরং এটি তাদের দায়িত্ব। পাশাপাশি জলবায়ু ঋণ যাতে সহজ শর্তে পাওয়া যায়, সে চেষ্টাও আমাদের করতে হবে। তাহলে আমাদের কর্মকাণ্ডগুলো আরও সহজে বাস্তবায়ন করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের জন্য যে অনুদান দেওয়া হচ্ছে, তা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ব্যয় করা হবে। বৃহস্পতিবার ঘোষিত এ অনুদান উপকূলীয় অঞ্চলের মানুষের উন্নয়নে কাজে লাগানো হবে। মূলত ইকোসিস্টেম পুনরুদ্ধার, আশ্রয়কেন্দ্র এবং ঘূর্ণিঝড়প্রবণ এলাকায় সাইক্লোন শেল্টার নির্মাণের কাজে এ অর্থ ব্যয় করা হবে।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ বলেন, প্রথমবারের মতো পরিবেশ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এবারের জলবায়ু সম্মেলনকে গুরুত্ব দেওয়া হয়েছে। সম্মেলনে যোগ দেওয়ার আগে এ বিষয়ে একাধিকবার বৈঠক ও আলোচনা হয়েছে। প্রথমবারের মতো দফায় দফায় পরিবেশ বিশেষজ্ঞ, সামাজিক বিভিন্ন ব্যক্তিবর্গ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বসা হয়েছে। সেখানে আমাদের স্পষ্ট বার্তা ছিল, এবারের কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের বক্তব্য হবে অভিন্ন। সরকারি-বেসরকারি কিংবা যে পর্যায় থেকেই কথা বলা হোক না কেন, সব বক্তব্য যেন একই রকম হয়। বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সবচেয়ে ভালো কিছু নিয়ে যাওয়ার বিষয়টি এবার নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, আপনারা দেখেছেন, এবারের কপ-৩১ সম্মেলনে অনেক দেশ উপস্থিত ছিল না। কিন্তু বাংলাদেশ সেখানে উপস্থিত ছিল। কারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অনেক অর্জন রয়েছে। এ কারণে জলবায়ু বিষয়ে নেতৃত্বের জায়গায় রয়েছে বাংলাদেশ।

তিনি বলেন, ‘পাটসম্পদ আমাদের জন্য গর্বের। এ পাট নিয়ে আমাদের অহংকার করার মতো অনেক কিছু আছে। আমরা এটিকে পরিবেশবান্ধব পণ্য হিসেবে সারা বিশ্বের কাছে তুলে ধরতে চাই এবং ব্যবসায়িক পরিবেশবান্ধব পণ্য হিসেবে রপ্তানি করতে চাই। এ পণ্য বিশ্বের বাজারে থাকা প্লাস্টিক পণ্যের বিকল্প হিসেবে কাজ করবে।’

তিনি আরও বলেন, তুরস্কে তাঁদের বেশ কয়েকটি বৈঠক হয়েছে। এর মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে। উজবেকিস্তানের প্রেসিডেন্ট, চীনের ভাইস প্রেসিডেন্ট, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ও ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। এসব বৈঠকে জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্ত্রী জোবায়দা রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের স্ত্রীর বৈঠক হয়েছে। বৈঠকটি সফল হয়েছে। সেখানে বাংলাদেশের পাটের বিষয়ে তুরস্কের প্রেসিডেন্টের স্ত্রী আগ্রহ প্রকাশ করেছেন, যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ ছাড়া বাংলাদেশের নারীরা যেসব সমস্যা মোকাবিলা করে সামনে এগিয়ে যাচ্ছেন এবং কীভাবে সেসব সমস্যার সমাধান করছেন, তা নিয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে কাজ করতে তুরস্কের একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে পাঠানোর আগ্রহ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি জিরো ওয়েস্ট উদ্যোগ নিয়েও বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

একেএস/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর