ট্রেনে যাতায়াতের সময় ফোনের ব্যাটারি কমে গেলে আমরা অনেকেই রেল স্টেশনে থাকা পাবলিক চার্জিং পোর্ট ব্যবহার করি। সেখানে ইউএসবি কেবল লাগানোর নির্দিষ্ট স্লট বা আগে থেকেই ঝুলতে থাকা কেবল দেখে আমরা কোনো কিছু না ভেবেই ফোন চার্জে বসিয়ে দিই। কিন্তু সামান্য এই বিনামূল্যে পাওয়ার বিদ্যুতের জন্যই আপনাকে লাখ লাখ টাকার ক্ষতির মুখে পড়তে হতে পারে। সাইবার প্রতারকরা এখন মানুষকে ঠকানোর জন্য অভিনব এক উপায় বের করেছে, যেখানে কোনো ফোন বা ওটিপি (OTP) ছাড়াই অ্যাকাউন্ট খালি করে দেওয়া সম্ভব। বিপজ্জনক এই প্রতারণার নাম ‘জুস জ্যাকিং’। ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই এবং সরকারি সাইবার নিরাপত্তা সংস্থাগুলো এ বিষয়ে একাধিকবার সতর্কবার্তা জারি করেছে।
সাধারণ মানুষের ধারণা, চার্জিং কেবলের কাজ কেবল ফোনে বিদ্যুৎ সরবরাহ করা। কিন্তু এই কেবল ব্যবহার করেও তথ্য চুরি করা সম্ভব। ফোনকে কেবলের মাধ্যমে কম্পিউটারের সঙ্গে যুক্ত করলে যেমন ছবি বা ভিডিও ট্রান্সফার করা যায়, তার কারণ সাধারণ ইউএসবি কেবলের ভেতরে থাকা ছোট ছোট তার বা পিন। এর মধ্যে এক বা দুটি তার দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং বাকি তারগুলো এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা আদানপ্রদান করে। হ্যাকাররা এই প্রযুক্তির সুযোগ নেয়। জনবহুল জায়গার ইউএসবি পোর্টের পেছনে দেওয়ালের ভেতরে ছোট চিপ বসিয়ে রাখতে পারে প্রতারকরা। সেখানে ফোন লাগালেই চার্জিংয়ের পাশাপাশি হ্যাকারের সিস্টেমের সঙ্গে ডেটা আদানপ্রদানের পথ খুলে যায় এবং মুহূর্তের মধ্যে বিপদ ঘটে।

পিন বা ওটিপি না জেনেও কীভাবে ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। কারসাজি করা পাবলিক ইউএসবি পোর্টে ফোন লাগালে হ্যাকাররা গোপনে ফোনে স্পাইওয়্যার বা ম্যালওয়্যার ইনস্টল করার চেষ্টা করে। এই ম্যালওয়্যার ব্যাকগ্রাউন্ডে লুকিয়ে থেকে ফোনের স্ক্রিনের কার্যকলাপ রেকর্ড করতে পারে। এমনকি কিবোর্ডে কী টাইপ করা হচ্ছে তাও হ্যাকারদের কাছে চলে যায়। ফলে ইউপিআই পিন বা নেট ব্যাংকিংয়ের পাসওয়ার্ড টাইপ করার সময় সেই তথ্য প্রতারকদের হাতে চলে যায় এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হওয়ার ঝুঁকি তৈরি হয়।
আরও পড়ুন: স্মার্ট বাল্ব কি আসলেই কাজের? কতটা বিদ্যুৎ বিল বাঁচায় জানুন
এই জুস জ্যাকিংয়ের ফাঁদ থেকে বাঁচতে কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। রেল স্টেশন, বিমানবন্দর বা ক্যাফেতে সরাসরি পাবলিক ইউএসবি পোর্টে নিজের চার্জিং কেবল বা সেখানে ঝুলে থাকা অপরিচিত কেবল ব্যবহার করা থেকে বিরত থাকুন। সবসময় নিজের চার্জার অ্যাডাপ্টার সঙ্গে রাখুন এবং সাধারণ দুই বা তিন পিন বৈদ্যুতিক সকেটে তা লাগিয়ে ফোন চার্জ করুন, কারণ সাধারণ সকেটের মাধ্যমে ডেটা চুরির কোনো সুযোগ থাকে না। একান্ত বাধ্য হয়ে ইউএসবি পোর্ট ব্যবহার করতে হলে ফোন বন্ধ করে চার্জে দিন অথবা ফোন চালু থাকলে স্ক্রিনে কোনো পপ-আপ আসলে শুধু চার্জ অপশন বেছে নিন, ভুল করেও ফাইল ট্রান্সফার অপশনে ক্লিক করবেন না।
এজেড




