মোবাইল বা ভয়েস কমান্ডের মাধ্যমে ঘরের আলো নিয়ন্ত্রণ করার ট্রেন্ডে এখন স্মার্ট বাল্ব বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আলো কমানো বা বাড়ানো, রঙ পরিবর্তন করা কিংবা অ্যাপের সাহায্যে নিয়ন্ত্রণ—সব মিলিয়ে বেশ সুবিধাজনক মনে হলেও এর উচ্চমূল্য, ইন্টারনেটের ওপর অতিরিক্ত নির্ভরতা এবং সাইবার নিরাপত্তার ঝুঁকি নিয়ে প্রশ্ন থেকেই যায়।
সাধারণ এলইডি (LED) বাল্বের তুলনায় স্মার্ট বাল্বের দাম অনেকটাই বেশি। যেখানে সাধারণ এলইডি বাল্ব ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে পাওয়া যায়, সেখানে একটি স্মার্ট বাল্বের প্রাথমিক দাম ১০০০ টাকা পর্যন্ত হতে পারে।

ওয়াইফাই এবং অ্যাপের সঙ্গে সংযুক্ত থাকায় স্মার্ট বাল্বে সাইবার হামলার ঝুঁকিও থাকে। একটি গবেষণায় দেখা গেছে, এই ত্রুটিগুলোকে কাজে লাগিয়ে হ্যাকাররা ঘরের নেটওয়ার্কের তথ্য পর্যন্ত হাতিয়ে নিতে পারে।
ওয়্যারলেস কমান্ডের অপেক্ষার জন্য এগুলো সবসময় বিদ্যুতের সঙ্গে সংযুক্ত থাকে। কিন্তু কেউ যদি দেওয়ালের সুইচ বন্ধ করে দেন, তবে মোবাইল অ্যাপের মাধ্যমে আর বাল্বটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। বিদ্যুৎ চলে যাওয়ার পর কিছু মডেলের ক্ষেত্রে আবার নতুন করে সেটআপ করার প্রয়োজন হতে পারে।

অনেক সময় নতুন করে সেটআপ করার জন্য সুইচ বারবার অন-অফ করতে হয়। এ ছাড়া, সংশ্লিষ্ট অ্যাপের সাপোর্ট বন্ধ হয়ে গেলে বাল্বের স্মার্ট ফিচারগুলিও কাজ করা বন্ধ করে দিতে পারে। কিছু স্মার্ট বাল্ব শুধুমাত্র নির্দিষ্ট সিস্টেমের সঙ্গে কাজ করে, ফলে বিভিন্ন সংস্থার ডিভাইস একসঙ্গে ব্যবহার করা কঠিন হয়ে ওঠে।
আরও পড়ুন: কোন সিলিং ফ্যান ভালো এবং বিদ্যুৎ বিল কমাতে কোনটা কেনা উচিত
অন্যদিকে, সাধারণ বাল্বের কাজ হলো কেবল আলো দেওয়া। আর এই কাজটি করতে তার কোনো অ্যাপ, ইন্টারনেট বা অ্যাকাউন্টের প্রয়োজন হয় না। তাই শুধুমাত্র ঘরে আলো জ্বালানোর প্রয়োজন হলে কম খরচে সাধারণ এলইডি বাল্বই অনেক বেশি সহজ এবং নিরাপদ বিকল্প।
এজেড




