উরুগুয়ের বিপক্ষে হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়াতে চায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে পরের ম্যাচে মাঠে নামার আগে একাদশে বেশ কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে শুরুর একাদশে চার থেকে পাঁচটি পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে গোলবারের নিচে ফিরতে যাচ্ছেন আর্জেন্টিনার নির্ভরতার প্রতীক এমিলিয়ানো 'দিবু' মার্তিনেজ।
বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৫টায় কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর আগে নিজেদের মাঠ লা বোম্বোনেরায় উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছিল আলবিসেলেস্তেরা। সেই ম্যাচের পর একাদশে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন স্কালোনি।
আরও পড়ুন- মেসি আর্জেন্টিনা দলে আসতে চাইলে স্বাগত: স্কালোনি
আরও পড়ুন-বিশ্বকাপ ফাইনালের ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে মুখ খুললেন এমিলিয়ানোও মার্টিনেজ
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ জানান, ‘মার্তিনেজ পুরোপুরি খেলার জন্য প্রস্তুত। তবে উরুগুয়ের বিপক্ষে তাকে খেলানো ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় বিশ্রামে রাখা হয়েছিল। এবার কোস্টারিকার বিপক্ষে তাকে গোলবারের নিচে দেখা যেতে পারে।’
প্রতিপক্ষ কোস্টারিকাকেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন স্কালোনি। তার মতে, ‘দলটিতে বেশ কয়েকজন মানসম্পন্ন খেলোয়াড় রয়েছেন। পাশাপাশি তাদের কোচও পরিস্থিতি অনুযায়ী কৌশল পরিবর্তনে দক্ষ। তাই ম্যাচটি সহজ হবে না।’
আরও পড়ুন-মেসি নাকি রোনালদো, দুর্বল প্রতিপক্ষের জালে কার গোল বেশি?
উরুগুয়ের বিপক্ষে পরাজয় সত্ত্বেও দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট স্কালোনি। তিনি জানিয়েছেন, ‘একটি হারেই নিজেদের খেলার ধরন বদলে ফেলতে চাই না। আগের মতোই স্বাভাবিক ছক ও কৌশল অনুসরণ করবো’
তবে একাদশে আক্রমণাত্মক খেলোয়াড়ের সংখ্যা বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। আর্জেন্টিনা কোচ বলেন, ‘অনুশীলনের ওপর নির্ভর করে আমরা চার-পাঁচটি পরিবর্তন আনব।’




