আর্জেন্টিনার জাতীয় দলের কোচিং স্টাফে হঠাৎ করেই নতুন আলোচনার জন্ম দিয়েছেন লিওনেল স্কালোনি। খেলোয়াড় হিসেবে জাতীয় দল থেকে বিদায় নেওয়া লিওনেল মেসিকে এবার সহকারী বা স্টাফ সদস্য হিসেবে দেখতে চান তিনি। কাল কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিতই দিয়েছেন আর্জেন্টিনার কোচ।
আরও পড়ুন-মেসি নাকি রোনালদো, দুর্বল প্রতিপক্ষের জালে কার গোল বেশি?
ওয়াল্টার স্যামুয়েল এই ম্যাচের পর সহকারী কোচের দায়িত্ব ছেড়ে দেবেন। তার বিদায়ের ফাঁকা জায়গায় মেসির নাম উঠে এসেছে প্রশ্নের মাধ্যমে। স্কালোনি স্পষ্ট ভাষায় বলেছেন, মেসি যদি আসতে চান তাহলে কোনো বাধা নেই। ‘সে যদি এখানে আসতে চায়, তাহলে কোনো সমস্যা নেই। এখন ওয়াল্টার চলে যাচ্ছে, দেখা যাক... সে আসুক’, এভাবেই সাড়া দিয়েছেন তিনি।
আরও পড়ুন-মেসির ১০ নম্বর জার্সি নিয়ে আর্জেন্টিনার নতুন সিদ্ধান্ত
তবে স্কালোনি মনে করেন মেসির খেলোয়াড়ি জীবন এখনো শেষ হয়নি। ক্লাব ফুটবলে তিনি আরও দীর্ঘ সময় মাঠে থাকবেন বলে বিশ্বাস তার। ‘আমার মনে হয়, সে খেলা চালিয়ে যাবে। ২০৩০ সালের পরও খেলবে। জাতীয় দলকে সে ইতোমধ্যেই বিদায় জানিয়েছে, তবে একজন ফুটবলার হিসেবে সে যত দিন পারে খেলা চালিয়ে যাক, সেটাই আমাদের প্রত্যাশা,’ বলেন স্কালোনি।
মেসি নিজে আগেই জানিয়ে রেখেছেন, অবসরের পর কোচিং বা কোচিং স্টাফে যোগ দেওয়ার কোনো ইচ্ছা তার নেই। বরং ক্রীড়া ব্যবস্থাপনার দিকে ঝুঁকেছেন তিনি। ইতোমধ্যে রোজারিওর লিওনেস, স্পেনের এলদেনসে এবং উরুগুয়ের দেপোর্তিভো এলএসএমের সঙ্গে যুক্ত হয়েছেন। তাই স্কালোনির আমন্ত্রণে তিনি সাড়া দেবেন কি না, সেটা এখনো অজানা।
স্যামুয়েলের জায়গায় এখনই কাউকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা নেই স্কালোনির। তিনি জানিয়েছেন, বর্তমান স্টাফ নিয়েই কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন। পরে যুবদলের কেউ সহায়তা করতে পারে বলেও মন্তব্য করেছেন। স্যামুয়েলের বিষয়ে স্কালোনি বলেন, তিনি নিজের কোচিং ক্যারিয়ার শুরু করতে চেয়েছেন এবং এটাই উপযুক্ত সময়। তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুভকামনাও করেছেন কোচ।
কালকের ম্যাচ শেষে স্যামুয়েল বিদায় নেবেন। তারপর কোচিং স্টাফে কী পরিবর্তন আসে, সেটাই এখন দেখার বিষয়।




