ফুটবল মাঠে নিজের স্বপ্ন পূরণের লড়াইয়ে নেমেছিলেন তরুণ আবেল নুনিয়েজ। বয়স মাত্র ১৮ বছর। কিন্তু একটি ম্যাচই কেড়ে নিল তাঁর জীবন। ইনডোর ফুটবল খেলতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান আর্জেন্টিনার এই তরুণ ফরোয়ার্ড। কয়েক দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে তাঁকে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের যুব ‘সি’ টুর্নামেন্টের পঞ্চম বিভাগের ম্যাচে গত বৃহস্পতিবার ঘটে দুর্ঘটনাটি। ১০ নম্বর জার্সি পরে খেলতে নামা আবেল বল ক্লিয়ার করতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। মুহূর্তেই মাঠে লুটিয়ে পড়ে জ্ঞান হারান তিনি। পরিস্থিতি বিবেচনায় ম্যাচটি বন্ধ করে দেওয়া হয়।
আরও পড়ুন- মেসি আর্জেন্টিনা দলে আসতে চাইলে স্বাগত: স্কালোনি
ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে অস্ত্রোপচারও করতে হয়। তবে চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
আরও পড়ুন-বিশ্বকাপ ফাইনালের ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে মুখ খুললেন এমিলিয়ানোও মার্টিনেজ
আবেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তাঁর ক্লাব এসেইজা। রোববার রাতে দেওয়া এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘গভীর বেদনা ও অসীম শোকের সঙ্গে আমরা এমন এক তরুণকে বিদায় জানাচ্ছি, যার সামনে পড়ে ছিল পুরো জীবন। তার চলে যাওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছে। তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’
তরুণ এই ফুটবলারের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্লাবটির সমর্থক ও আর্জেন্টিনার ফুটবলসংশ্লিষ্ট ব্যক্তিরা।




