ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত দফার ভোটগ্রহণকে সামনে রেখে দেশটির রাজনৈতিক অঙ্গন এখন সরগরম। আর এই উত্তাপের আঁচ লেগেছে ফুটবলারদের মধ্যেও। বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভা এবং ডানপন্থী প্রার্থী ফ্ল্যাভিও বলসোনারোর সমর্থনে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন দেশটির বর্তমান ও সাবেক ফুটবলাররা। মাঠের লড়াই ছাড়িয়ে রাজনৈতিক মাঠে তারকারা নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
প্রেসিডেন্ট লুলার পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন বর্তমান প্রজন্মের বেশ কয়েকজন তারকা। টটেনহ্যাম হটস্পারের ফরোয়ার্ড রিচার্লিসন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, বলসোনারো পরিবারের ঘনিষ্ঠ এক আইনজীবীর যোগসাজশে তাঁর কেনা একটি ব্যক্তিগত দ্বীপ বেআইনিভাবে জবরদখল করা হয়েছে। এ বিষয়ে লুলা ন্যায়বিচার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় তিনি লুলার প্রতি সমর্থন জানিয়েছেন।
আরও পড়ুন-ব্যালন ডি’অর জয়ে কার কত আধিপত্য? দেখুন পূর্ণাঙ্গ তালিকা
আরও পড়ুন-দর্শকদের জন্য অভিনব উদ্যোগ, গ্যালারিতে ফোন কম ব্যবহার করলেই পুরস্কার
পাশাপাশি বার্সেলোনার উইঙ্গার রাফিনহা, পালমেইরাসের মিডফিল্ডার পাওলিনহো এবং নারী জাতীয় দলের তারকা আরি বোর্জেসও লুলার পক্ষে কথা বলেছেন। পাওলিনহো তাঁর বক্তব্যে বলেন, 'আমরা সাধারণ পরিবার থেকে এসেছি এবং সাধারণ মানুষের জন্য সরকারি নীতির গুরুত্ব আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি।' এছাড়া সাবেক তারকা জুনিহো পের্নামবুকানো, রাই, কাচগ্রান্দে এবং কোচ ভান্দারলেই লুক্সেম্বুর্গোও লুলার পক্ষে নিজেদের অবস্থান ধরে রেখেছেন।
অন্যদিকে, বলসোনারো শিবিরের পক্ষে রয়েছে দেশটির ফুটবলের বড় একটি অংশ। ব্রাজিলের ইতিহাসের অন্যতম সেরা তারকা ও সান্তোসের ফরোয়ার্ড নেইমার প্রকাশ্যেই বলসোনারোর প্রতীকী নম্বর ‘২২’ দেখিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। সাবেক রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা তারকা দানি আলভেসও ভিডিও বার্তায় বলসোনারোর প্রতি নিজের সমর্থনের কথা জানিয়েছেন।
সাবেক ফুটবলারদের মধ্যে ব্রাজিলের সাবেক স্ট্রাইকার ও বর্তমান সিনেটর রোমারিও, ফেলিপে মেলো এবং সাবেক কোচ রেনাতো গৌতশো বলসোনারো পরিবারের কট্টর সমর্থক হিসেবে পরিচিত। নির্বাচনের এই হাওয়া এখন ব্রাজিলের মাঠের পারফরম্যান্সের পাশাপাশি রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সূত্র- টিওয়াইসি স্পোর্টস




