মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

সহযোগী দেশের ৬, তবু নারী আইপিএল নিলামে নেই কোনো বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১১:৫২ এএম

শেয়ার করুন:

সহযোগী দেশের ৬, তবু নারী আইপিএল নিলামে নেই কোনো বাংলাদেশি

নারী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) এবারের নিলাম অনুষ্ঠিত হবে কোচিতে। আর তার জন্য চূড়ান্ত তালিকা প্রকাশের পর একটা বিষয় স্পষ্ট হয়েছে, বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য দরজা এবারও বন্ধই রয়েছে। মারুফা আক্তার, স্বর্ণা আক্তার আর রাবেয়া খান; এই তিনজন আগের আসরে নিলামে অংশ নিয়েছিলেন। কিন্তু আগামী ২৮ অক্টোবর কেরালার কোচিতে অনুষ্ঠিত হতে যাওয়া ডব্লিউপিএল বা আইপিএলের নিলামে তাঁদের কারও নামই নেই। যদিও নিলামে সহযোগী দেশগুলোর ৬ ক্রিকেটারের নাম থাকছে।

মোট ১৪৬ জন খেলোয়াড় সুযোগ পেলেও বাংলাদেশ থেকে একজনকেও রাখা হয়নি।নিবন্ধন করেছিলেন কি না, নাকি কর্তৃপক্ষই বাদ দিয়েছে; সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। বিসিবি বা বিসিসিআইয়ের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা আসেনি। ফলে ক্রিকেটপ্রেমীদের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।  

গত কয়েক বছরে বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতি ক্রীড়াঙ্গনেও ছায়া ফেলেছে। ছেলেদের আইপিএলের গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। কিন্তু রাজনৈতিক উত্তেজনার কারণে টুর্নামেন্ট শুরুর আগেই তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ আসে বিসিসিআইয়ের। 

সেই ঘটনার প্রভাব পড়েছে আরও বড় পরিসরে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হলেও বাংলাদেশ দল সেখানে যায়নি। এমনকি গত আগস্ট-সেপ্টেম্বরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ভারতের বাংলাদেশ সফরের কথা থাকলেও সরকারি অনুমতি না পাওয়ায় বিসিসিআই সেই সফর স্থগিত করে দেয়।  

দুই দেশের সম্পর্ক যে এখনো স্বাভাবিক হয়নি, তা বলার অপেক্ষা রাখে না। অনেকে ধারণা করছেন, সেই রাজনৈতিক পরিস্থিতির কারণেই এবারের নিলামে বাংলাদেশি নারী ক্রিকেটারদের নাম রাখা হয়নি। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। গত কয়েক মৌসুমের নিলামে বাংলাদেশি খেলোয়াড়রা ছিলেন। এবার তাঁদের সম্পূর্ণ অনুপস্থিতি নিয়ে গুঞ্জনও শুরু হয়েছে।  

উল্লেখ্য, ২৭টি খালি জায়গার জন্য মোট ১৪৬ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। এর মধ্যে ১১৯ জন ভারতীয় এবং ২৭ জন বিদেশি। সর্বোচ্চ ৫০ লাখ রুপি বেস প্রাইসে আছেন সোফি ডাঙ্কলি ও সোফি মলিনিউ। ৪০ লাখ রুপির ক্যাটাগরিতে রয়েছেন জেস জোনাসেন, হেইদার গ্রাহাম, কিরান নাভগিরে ও জি কমলিনী। ৩০ লাখ রুপিতে নিবন্ধন করেছেন ৩০ জন, যাদের মধ্যে শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ও অস্ট্রেলিয়ার গ্রেস হ্যারিসের মতো নাম রয়েছে। এখন পর্যন্ত কোনো আসরেই বাংলাদেশের কোনো নারী ক্রিকেটার ডব্লিউপিএলে খেলার সুযোগ পাননি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর