সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পুরুষদের পর এবার নারী এশিয়া কাপের ট্রফি নিয়েও জটিলতার শঙ্কা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পিএম

শেয়ার করুন:

পুরুষদের পর এবার নারী এশিয়া কাপের ট্রফি নিয়েও জটিলতার শঙ্কা

দুবাইয়ের ক্রিকেট মাঠে গত বছরের এশিয়া কাপ ফাইনালে যে অস্বস্তিকর দৃশ্য দেখা গিয়েছিল, সেই স্মৃতি এখন আবার ঘুরেফিরে আসছে। পুরুষদের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতলেও ভারতীয় দল এসিসি সভাপতি মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে রাজি হয়নি। এবার নারী এশিয়া কাপের ফাইনালেও যদি একই পরিস্থিতি তৈরি হয়, তাহলে কি আবার সেই বিতর্ক ফিরে আসবে?

আগামী ১৩ সেপ্টেম্বর দুবাইয়ে নারী এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির উপস্থিত থাকার কথা রয়েছে। ভারত যদি ফাইনালে ওঠে এবং শিরোপা জিতে নেয়, তাহলে ট্রফি প্রদান অনুষ্ঠানে নাকভির ভূমিকাই হয়ে উঠতে পারে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। 

এসিসি সভাপতি হিসেবে তিনিই চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়ার দায়িত্বে থাকতে পারেন। কিন্তু ভারতীয় দল তার কাছ থেকে ট্রফি গ্রহণ করবে কি না, সে প্রশ্ন এখনও উত্তরহীন।

হারমানপ্রিত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল এবারের টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে রয়েছে। গ্রুপ পর্বে অপরাজিত থেকে তারা সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে বড় জয় তাদের শিরোপার দাবি আরও মজবুত করেছে। পাকিস্তানকে মাত্র ৫৫ রানে অলআউট করে ভারত সাত উইকেটে ম্যাচ জিতে নেয়। সেই জয়ের পর ভারত এখন টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল হিসেবে বিবেচিত।

গত বছর পুরুষদের এশিয়া কাপের ফাইনালে ঠিক এমন পরিস্থিতিই তৈরি হয়েছিল। সূর্যকুমার যাদবের দল পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল। কিন্তু নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হতে এক ঘণ্টারও বেশি সময় লেগেছিল। শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই মঞ্চে উদ্‌যাপন করে ভারতীয় দল। সেই ট্রফি এখনও এসিসির দুবাই কার্যালয়েই রয়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর