শনিবার, ১৩ জুন, ২০২৬, ঢাকা

নেইমারকে ছাড়া আজ মরক্কোর বিপক্ষে যেমন হবে ব্রাজিলের একাদশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০২:৩৮ পিএম

শেয়ার করুন:

নেইমারকে ছাড়া আজ মরক্কোর বিপক্ষে যেমন হবে ব্রাজিলের একাদশ

আজ শনিবার দিবাগত রাতে, অর্থাৎ ১৪ জুন ভোর ৪.০০ ঘটিকায় মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ মিশন। হেক্সা মিশন সফল করার প্রত্যয় নিয়েই মাঠে নামছে সেলেসাওরা। তবে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ শুরুর আগে দল সাজাতে বেশ বেগ পোহাতে হবে প্রধান কোচ কার্লো আনচেলত্তিকে। বিশেষ করে রাইট-ব্যাক (রক্ষণভাগের ডান প্রান্ত) পজিশন নিয়ে মধুর সমস্যায় ভুগছেন সেলেসাওদের ইতালিয়ান মাস্টারমাইন্ড আনচেলত্তি।

ইনজুরির কারণে তরুণ ডিফেন্ডার ওয়েসলি পুরো বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় এই সংকটের সৃষ্টি হয়েছে। তবে রক্ষণভাগের এই ঘাটতি মেটাতে ম্যানচেস্টার ইউনাইটেডের রাডারে থাকা ডিফেন্সিভ মিডফিল্ডার এদেরসনকে (যিনি দেরিতে স্কোয়াডে ডাক পেয়েছিলেন) অনুশীলনে রাইট-ব্যাক হিসেবে পরখ করে দেখেছেন আনচেলত্তি!


বিজ্ঞাপন


আরও পড়ুন- গ্রুপ পর্ব পেরোলে ব্রাজিলের প্রতিপক্ষ হবে যে দল

আরও পড়ুন- গ্রুপ পর্ব পেরোলেই বিশ্বকাপে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র

এদেরসনকে দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হলেও রাইট-ব্যাক পজিশনে খেলার জন্য দলে মূল দাবিদার হিসেবে আছেন অভিজ্ঞ দানিলো এবং রজার ইবানেজ। তবে গোলরক্ষক অ্যালিসন বেকারের সামনে চার সদস্যের যে রক্ষণভাগ তৈরি হতে যাচ্ছে, সেখানে দানিলোর অভিজ্ঞতার ওপরই ভরসা রাখার সম্ভাবনা বেশি। রক্ষণভাগের বাকি তিন পজিশনে মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালেয়াস এবং অ্যালেক্স সান্দ্রোর থাকা প্রায় নিশ্চিত।

এবারের বিশ্বকাপের অন্যতম সম্ভাবনাময় দল মরক্কো। গত বিশ্বকাপেও সেমিফাইনালে খেলেছে দলটি, হারিয়েছে স্পেন, পর্তুগালের মত দলকে। এমন ডার্ক হর্সদের বিপক্ষে কোচ কার্লো আনচেলত্তি আজ দলকে প্রথাগত ৪-২-৩-১ ফরমেশনে মাঠে নামাতে পারেন।


বিজ্ঞাপন


এ ফর্মেশনে মাঝমাঠের দখল ধরে রাখতে ‘ডাবল পিভট’ বা দুই সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে জুটি বাঁধবেন ক্যাসেমিরো এবং ব্রুনো গিমারায়েস। নেইমার জুনিয়র ১০ নম্বর জার্সি পেলেও কাফ ইনজুরির কারণে আজ তিনি মাঠের বাইরে থাকছেন। তাঁর অনুপস্থিতিতে ‘নাম্বার ১০’ বা আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে লুকাস পাকেতা অথবা রাফিনহা খেলতে পারেন।

এদিকে আক্রমণভাগের বাঁ প্রান্তে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের জায়গা পাকা। তবে ডান প্রান্তের উইংয়ের জন্য তীব্র লড়াই হচ্ছে রাফিনিয়া, তরুণ রায়ান এবং লুইজ হেনরিকের মধ্যে।

আজকের ম্যাচে ব্রাজিলের মূল স্ট্রাইকার বা ‘নাম্বার নাইন’ হিসেবে কে খেলবেন- তা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে আনচেলত্তিকে। এই পজিশনের জন্য লড়াইয়ে আছেন ম্যাথিউস কুনিয়া, রিয়াল মাদ্রিদের তরুণ বিস্ময় এনড্রিক এবং ইগর থিয়াগো।

পরিসংখ্যান বলছে, ইগর থিয়াগো দেশের হয়ে মাত্র ৪ ম্যাচে ইতিমধ্যেই ২টি গোল করে ফেলেছেন। অন্যদিকে ম্যাথিউস কুনিয়া ২৯ ম্যাচ খেললেও গোল করেছেন মাত্র ১টি। তবে আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা বিবেচনায় কুনিয়াকে আজ শুরুর একাদশে দেখা যেতে পারে।

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ:

গোলরক্ষক: অ্যালিসন বেকার
রক্ষণভাগ: দানিলো, মার্কিনহোস, গ্যাব্রিয়েল মাগালেস, অ্যালেক্স সান্দ্রো
মিডফিল্ড: ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েস
অ্যাটাকিং মিডফিল্ড: রাফিনহা, লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র
স্ট্রাইকার: ম্যাথিউস কুনিয়া

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর